‘শক্তিমান গডফাদারকেও ছাড় দেয়া হবে না’
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনে জড়িতদের আইনের আওতায় আনতে সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের যানজট নিরসন ও জনগণের ভোগান্তি কমানোসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জের সাতখুনের ঘটনায় র্যাবের সম্পৃক্ততা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিং ডেকে বিয়ষটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। কাজেই অপরাধী যেই হোক, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।”
অপহরণ ও খুনের ব্যাপারে সরকার খুবই ‘কঠোর’ অবস্থানে রয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
“এ ঘটনার সঙ্গে জড়িত যে কোন শক্তিমান গডফাদারকেও ছাড় না দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।”
কিছুদিনের মধ্যে অপহরণ, গুম ও খুনের ঘটনা বন্ধ হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নারায়ণগঞ্জে বিএনপির জনসভার অনুমতি না দেয়ার বিষয়ে তিনি বলেন, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচিত মেয়র রয়েছে। সে-ই জনসভার অনুমতির বিষয়ে সিদ্ধান্ত দিবেন।
“তবে আমরা জানতে পেরেছি নারায়ণগঞ্জে যেখানে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে তার পাশেই একটি হাসপাতাল রয়েছে। তাছাড়া বর্তমানে নারায়ণগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত থাকার কারণেই জনগণের নিরাপত্তার বিষয় বিবেচনা করে অনুমতি দেয়নি সিটি কর্পোরেশন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদেরের মতে, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল এবং তা এশিয়া মহাদেশে দৃষ্টান্ত হয়ে আছে।
এ সাফল্যে ‘ঈর্ষান্বিত’ হয়ে কোনো মহল ‘গুম ও খুনের’ ঘটনা ঘটিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।
এসব ঘটনা নিয়ে রাজনীতি না করার জন্য দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
যোগাযোগমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী নবীনগর সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা সরিয়ে ফেলার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
এছাড়া যানজট নিরসনে যে কোনো ধরনের পদক্ষেপ নেয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
