ভাংচুরের মামলায় ফখরুলদের অভিযোগ গঠন শুনানি ৮ জুন
গাড়ি ভাংচুরের তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ দিয়েছে আদালত।
আগামী ৮ জুন ওই শুনানির দিন রাখা হয়েছে।
ঢাকা মহানগর হাকিম মো. তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে মঙ্গলবার সকালে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
ফাইল ছবি
এদিন মির্জা ফখরুল ছাড়াও বিএনপি যুগ্ম-মহাসচিব আবদুল্লাহ আল নোমান, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কয়েকজন আদালতে উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ২ মার্চ বিএনপির একটি মিছিল দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মগবাজারের দিকে যাওয়ার সময় গাড়ি ভাঙচুরসহ জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে পল্টন থানায় ২টি এবং শাহজাহানপুর থানায় একটি মামলা করে পুলিশ।
গত বছরের ২৪ ডিসেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
