ফখরুলের সঙ্গে ঐক্য পরিষদ নেতাদের বসা হলো না
বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা থাকলেও শেষ মুহুর্তে তা বাতিল করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সভা হওয়ার কথা ছিল।
এজন্য সকাল থেকে ওই কার্যালয়ের আশপাশে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েকশ নেতা-কর্মীকে ঘোরাঘুরি করতে দেখা যায়।
ফাইল ছবি
এসময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নামে স্লোগান দিয়ে মিছিল বের করে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন অনেকে।
পরে ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হানিফ সাংবাদিকদের বলেন, “আমরা মহাসচিবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু উনি ১০ জনের প্রতিনিধি নিয়ে বসতে চেয়েছিলেন, যা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। তাই তিনি চলে গেছেন।"
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্য পরিষদ নেতাদের পরবর্তীতে সময় দিতে চেয়েছেন জানিয়ে হানিফ বলেন, “আমরা আশা করছি সুবিধাজনক সময়ে তার সঙ্গে মত বিনিময় করতে পারবো।”
