২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা চুক্তি আটকানোর ষড়যন্ত্রে বিএনপি: সুরঞ্জিত

বিএনপির লং মার্চকে তিস্তা চুক্তি আটকানোর ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 11:16 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির কর্মসূচির দুদিন বাদে শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “চুক্তি যেন বাস্তবায়ন না হয়, সেই ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি।”

প্রায় তিন বছরের বেশি সময় ধরে আটকে থাকা তিস্তা চুক্তি আওয়ামী লীগ সরকারের ‘সফল কূটনৈতিক’ তৎপরতার ফলে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, বলেন সুরঞ্জিত।

তিনি বলেন, “তিস্তা থেকে শূন্য হাতে ফিরেছে বিএনপি। এটা কোনো লং মার্চ হয়নি, হয়েছে কিছু গাড়ির মার্চ। রাজনীতির নামে বিএনপি কেবল জনদুর্ভোগ বাড়িয়েছে ও অর্থনীতিকে ধ্বংস করেছে।”

“তাদেরকে এই অপরাজনীতি করার আর সুযোগ দেয়া হবে না,” বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বঙ্গবন্ধু একাডেমির এই আলোচনা সভায় হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাসও আলোচনা করেন।

পুরনো খবর:

তিস্তার পানি না পেলে আরো কঠোর কর্মসূচি: বিএনপি