সাহস না দেখানোর মাসুল দিচ্ছে বিএনপি: রফিকুল
বিএনপির নেতাকর্মীরা ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর আন্দোলনে যথেষ্ট সাহসের পরিচয় দিলে ভোট হতো না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
নেতাকর্মীদের সাহস না দেখানোর মাসুল এখন দলকে দিতে হচ্ছে বলে মনে করেন তিনি।
বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ নেতাকর্মীদের মুক্তি দাবিতে এই আলোচনা সভা হয়।
ফাইল ছবি
জনগণের ম্যান্ডেট ছাড়া দেশ পরিচালতি হচ্ছে দাবি করে রফিকুল ইসলাম মিয়া বলেন, “বর্তমানে যে সংসদ চলছে তা জনগণের নির্বাচিত সংসদ নয়। এই সংসদ একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের প্রতি একটি উপহাস।’’
তিনি বলেন, “আন্দোলন থেকে দূরে রাখতে সরকার খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। পুলিশকে ব্যবহার করে এসব মামলা দেয়া হচ্ছে।”
এ অবস্থা থেকে মুক্তি পেতে নেতাকর্মীদের ‘জীবন বাজি’ রেখে আন্দোলনে নামার প্রস্তুতি নিতে বলেন তিনি।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করীম চৌধুরী আবেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক ছাত্রনেতা সুলতান সালাহউদ্দিন টুকু, শহিদুল ইসলাম বাবুল, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
