জামায়াত নিষিদ্ধ হলে বিএনপিও বিলুপ্ত হবে: যুক্তরাষ্ট্র আ.লীগ
জামায়াতে ইসলামী নিষিদ্ধ হলে বিএনপিও বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে খালেদা ও তারেক এখন কোন ‘ফ্যাক্টর’ নন। কারণ, তারা জাতীয় সংসদে নেই এবং সাংগঠনিকভাবে তারা এখন জামায়াতের ‘বি-টিম’।
“জামায়াত নিষিদ্ধ হলে বিএনপিও বিলুপ্ত হয়ে যাবে।”
জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ হিসেবে তার বড় ছেলে তারেক রহমানের দাবির প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
অনুষ্ঠানের সঞ্চালক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে বলেন, “বহু ধরনের অপকর্মে অভিযুক্ত তারেক রহমানের বাংলাদেশ নিয়ে কোনো কথা বলারই এখতিয়ার নেই। বাংলাদেশের মানুষ তার দুষ্কর্ম সম্পর্কে অবহিত রয়েছেন।”
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সেক্রেটারী জুয়েল আহমেদ, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
