২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেয় করতে নিয়ম ভেঙে অভিযোগ গঠন: বিএনপি

রাজনৈতিকভাবে হেয় করতে ‘নিয়ম ভেঙে’ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 04:28 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

উচ্চ আদালতে অভিযোগ গঠনের ওই আদেশ বাতিল হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

শুক্রবার এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “গত পরশু খালেদা জিয়ার উপস্থিতিতে আদালতের বিচারক কোনো চার্জ গঠন করেননি। আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, আদালতের ক্লার্ক জানিয়েছেন, তার (খালেদা জিয়া) বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

“সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক পন্থায় এই চার্জ গঠন হয়েছে। উদ্দেশ্য একটাই, রাজনৈতিকভাবে খালেদা জিয়াকে হেয় করা।”

সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘আইনের বিধি অনুসরণ না করে’ এভাবে অভিযোগ গঠন উচ্চ আদালতে ‘টিকবে না’।

ঢাকার বিশেষ জজ-৩ আদালত বুধবার জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এ দুই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ২১ এপ্রিল দিন রেখেছেন বিচারক।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধনে ব্যারিস্টার রফিকুল বলেন, “অনির্বাচিত সরকার প্রতিহিংসামূলকভাবে বিরোধীদের নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি তারই অংশ।”

জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ২০১১ সালে এবং জিয়া এতিমখানা ট্রাস্টের অনিয়মের অভিযোগে ২০০৮ সালে মামলা দুইটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

এ মামলা সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা রফিকুল বলেন, “আইনমন্ত্রীকে বলব, আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৬টি দুর্নীতি মামলা ছিল, প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তা প্রত্যাহার হয়ে যায়। ওই সময়ে আপনি দুর্নীতি দমন কমিশনের আইনজীবী ছিলেন। এখন যা বলছেন, তা সঠিক নয়।”

অভিযোগ গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ওই দুই মামলায় ‘রাজনৈতিক কোনো গন্ধ’ তিনি পাচ্ছেন না।

ব্যারিস্টার রফিকুল বলেন, কোনো আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আগে তার উপস্থিতিতে তা পড়ে শোনানোই নিয়ম। আদালত আসামির কাছে জানতে চাইবে- তার মতামত কি।

“গত পরশু তিন ঘণ্টা খালেদা জিয়া আদালতে ছিলেন। বিচারক তাকে এ রকম কোনো কিছুই বলেননি। এখানে আইনের বিধান অনুসরণ করা হয়নি।”

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক মাহমুদুর রহমানসহ নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ।

দশম সংসদকে ‘অনির্বাচিত সংসদ’ আখ্যায়িত করে রফিকুল ইসলাম মিয়া বলেন, “জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এই সংসদের (দশম) সব কাজ অবৈধ প্রমাণ করা হবে।”

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট বোরহান উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন।

এর আগে খালেদা জিয়া ও তারেক রহমানে মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বদেশ জাগরণ পরিষদের সভাপতি কামরুজ্জামান সেলিম এ সময় বক্তব্য দেন।