নেতাদের আটকে আন্দোলন থামবে না: খালেদা
বিএনপির কেন্দ্রীয় নেতাদের বন্দি করে আন্দোলন থামানো যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন খালেদা জিয়া।
হরতাল-অবরোধে নাশকতার মামলায় মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিক্রিয়ায় রোববার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এই হুঁশিয়ারি দেন।
একই মামলায় আত্মসমর্পণ করলে এদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলের সঙ্গে মির্জা আব্বাস ও আব্দুস সালামকে কারাগারে পাঠায় আদালত। অন্য আদালত কারাগারে পাঠায় খন্দকার মোশাররফ হোসেনকে।
নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে বিএনপি ইতোমধ্যে সোমবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে।
খালেদা বলেন, “আমরা এক অদ্ভুত হীরক রাজার দেশে বাস করছি, যেখানে এক ব্যক্তির খেয়াল -খুশিতেই দেশ চলছে। যেখানে সত্যের পক্ষে কথা বলার কোনো অধিকার কারো নেই।”
৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে বিরোধী নেতা-কর্মীদের দমন-পীড়নের অভিযোগ করেন ওই ভোট বর্জনকারী খালেদা।
“সরকারকে বলতে দিতে চাই, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ন্যক্কারজনক মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে চলমান আন্দোলনকে দুর্বল করা যাবে না। জনগণ অবৈধ সরকারের সকল অনাচারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত হচ্ছে।”
ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং অর্থ বিষয়ক সম্পাদক সালামকে অবিলম্বে মুক্তি দিতেও সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন।
এর আগেও বিএনপির শীর্ষ নেতাদের আটকের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “কেন্দ্রীয় নেতাদের পালাক্রমে আটকে রেখে সরকার তাদের সিংহাসনকে অবৈধভাবে আঁকড়ে থাকতে চাচ্ছে।”
“বিরোধী দলকে ধ্বংস করতে তাদের মহাপরিকল্পনা কখনোই আলোর মুখ দেখবে না। স্বৈরাচারী নীতির কারণেই অতীতে তাদের পরিণতি ভাল হয়নি, আগামীতেও হবে না,” সরকারকে সতর্ক করেন খালেদা।
