২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৯ দলে দল ২০টি, অন্যটি আল কায়েদা’

আল কায়েদার মতো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বিএনপির যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 11:27 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

বিএনপির জোটে থাকা দলগুলোর অনেকে আফগান তালেবানের কাছ থেকে জঙ্গি ট্রেনিং নিয়েছিল বলেও দাবি করেন তিনি।

সোমবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা জেলা আয়োজিত এক সভায় হাছান মাহমুদ বলেন, “এখন ভুতের মুখে রাম নাম শোনা যাচ্ছে। রাজবাড়ীর জনসভায় বিএনপি চেয়ারপারসন জঙ্গিদের পাশে রেখে বলেছেন-বাংলাদেশে জঙ্গিদের জায়গা হবে না।

“অথচ তার ১৯ দলীয় জোটের সঙ্গী অনেকেই তালেবানের কাছ থেকে জঙ্গি ট্রেনিং নিয়েছেন। এখন ১৯ দলীয় না, ২০ দলীয় জোট তৈরি হয়েছে। আল কায়েদা আন্তর্জাতিকভাবে এ জোটে রয়েছে।”

বাংলদেশকে হুমকি দিয়ে আল কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির অডিও টেপ প্রকাশের প্রসঙ্গ ধরে একথা বলেন আওয়ামী লীগ নেতা।

উপজেলা নির্বাচনের পর আন্দোলনের ঘোষণা দেয়ার মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুনরায় পেট্রল বোমা হামলা, গাড়ি পুড়িয়ে জনগণের সম্পদ ধ্বংসের চেষ্টা করবেন বলেও আশঙ্কা করেন সাবেক মন্ত্রী।

“আমরা তাকে দল গোছাতে পাঁচ বছর সময় দিলাম। কিন্তু তিনি যদি দেশি ও বিদেশি জঙ্গিদের নিয়ে ষড়যন্ত্র করতে চান, তবে জনগণ তা সফল হতে দেবে না।”

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে সংস্কৃতিকর্মীদের সক্রিয় হতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, “সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মানুষকে সচেতন করে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুণ চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা চিত্রনায়ক ফারুক, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ূন কবির মিজি প্রমুখ।