২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শমসের মুবিনকে প্রত্যাহারের দাবি

সিলেট বিএনপির সমন্বয়কের দায়িত্ব থেকে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে বাদ দিয়ে সদ্যঘোষিত সদর উপজেলা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন সাবেক কমিটির নেতারা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 05:30 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবার দুপুরে সিলেটের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সদর উপজেলার সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘পকেট’ কমিটি বলেও অভিযোগ করেন তারা।

লিখিত বক্তব্যে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক একেএম তারেক কালাম বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে ব্যক্তি বিশেষের ফায়দা হাসিলে বিএনপির রাজনীতির সঙ্গে যাদের সংশ্লিষ্টতা নেই তাদের পদ দেয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির কাউন্সিলকে সামনে রেখে শমসের মুবিনকে সিলেটের সাংগঠনিক দায়িত্ব দেয়া হয়েছে। তিনি তৃণমূলের মতামত অগ্রাহ্য করে ‘পকেট কমিটি’ ঘোষণা করেছেন।

“এ জন্য শসসের মুবিনকে সিলেটের রাজনীতির দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির সহসভাপতি সোনা মিয়া, যুগ্ম সম্পাদক সরওয়ার আহমদ, সদর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ, সহসভাপতি কলমদর আলী, মুহিব আলী, আজম আলী, বশির মিয়া, আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৪ ফেব্রুয়ারি সিলেট সদর উপজেলা বিএনপির ১৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকে পদ বঞ্চিতরা আন্দোলন করে আসছেন।