‘লোকাল ট্রেনে চড়ে লম্ফঝম্প করছে বিএনপি’
বিএনপি নেতৃত্বাধীন জোটের উপজেলা নির্বাচনে অংশগ্রহণের দিকে ইঙ্গিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, তারা ‘ভুল’ রাজনীতির খেসারত দিতে শুরু করেছে। জাতীয় নির্বাচনের ট্রেন মিস করে লোকাল ট্রেনের আরোহী হয়ে লম্ফঝম্প শুরু করেছে।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, “পাঁচ বছরের একদিন আগেও আওয়ামী লীগ ক্ষমতা ত্যাগ করবে না। তবে বিএনপি যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গ ত্যাগ, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রতি আস্থা জ্ঞাপন করলে আমাদের দল মধ্যবর্তী নির্বাচন দিতে রাজি আছে।”
মোজাম্মেল হক বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে এদেশে সবার রাজনীতি করার অধিকার আছে। ধর্মভিত্তিক দলও রাজনীতি করতে পারবে। তবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না।
কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে- সে পথ বন্ধ করে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আ ক ম মোজাম্মেল হককে পূর্ণ মন্ত্রী এবং মেহের আফরোজ চুমকীকে প্রতিমন্ত্রী করায় গাজীপুর জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজমত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, সাংসদ মো. জাহিদ আহসান রাসেল, সিমিন হোসেন রিমি, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আখতার উজজামান, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও সংস্থার পক্ষ থেকে নতুন দুই মন্ত্রীকে ফুলের তোড়া ও ক্রেস্ট দেয়া হয়।
