‘এত লাশ কোথায় রাখব?’
সরকার ‘ক্রসফায়ারের’ নামে বিরোধী নেতা-কর্মীদের ‘হত্যা’ করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
নির্বাচনের পর থেকে বিভিন্ন জেলায় যৌথঅভিযানের সমালোচনা করে বৃহস্পতিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
বিএনপির যুগ্মমহাসচিব রিজভী বলেন, “যৌথবাহিনীর অভিযানের নামে সারাদেশে প্রতিদিন বিরোধী দলের নেতা-কর্মীদের ধরে নিয়ে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে।
“গুম হয়ে যাওয়ার কয়েকদিন পর তাদের রক্তাক্ত লাশ ডোবা-নালা অথবা নদীর চরে পাওয়া যাচ্ছে। এসব লাশ আমরা রাখব কোথায়? সরকার দেশকে এক ভয়ঙ্কর মৃত্যুপুরীতে পরিণত করেছে।”
ভোটের পর যৌথঅভিযানে সরকারবিরোধী ৩০০ নেতা-কর্মীকে হত্যা অথবা গুম করা হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন ভোট বর্জনকারী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
তবে বিরোধী জোটের নেতা-কর্মী হত্যার অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বুধবার এক সংবাদ সম্মেলনে অভিযানের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, শান্তি আনতে মাঝে-মধ্যে শক্তি প্রয়োগ করতে হয়।
নির্বাচনের আগে-পরে নাশকতাকারীদের গ্রেপ্তারে যৌথঅভিযান পরিচালিত হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে বিএনপির দাবি, এর উদ্দেশ্য বিরোধী দল দমন।
সংবাদ সম্মেলনে রিজভী কয়েকটি ঘটনা তুলে ধরে অবিলম্বে যৌথঅভিযান বন্ধের দাবি জানান।
তিনি বলেন, কয়েকদিন আগে সিরাজগঞ্জের সায়েদাবাদ ইউনিয়ন যুবদল নেতা জবানকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার তার লাশ পাওয়া গেছে।
সিরাজগঞ্জের বিএনপি নেতা জাহাঙ্গীর ১৫ দিন ধরে নিখোঁজ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। লক্ষ্মীপুরের নেতা ওমর ফারুককে কয়েকদিন আগে র্যাব তুলে নিয়ে গেছে বলেও দাবি করেন রিজভী।
আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতারাও বিএনপি জোটের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।
রিজভী বলেন, “পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের ক্যাডাররা ফেনীর পরশুরাম উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু তালেবসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে।”
বিএনপির অভিযোগের জবাবে সরকারের পক্ষ থেকে ভোটবিরোধী আন্দোলনে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার কথা তুলে ধরা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গিয়ে বলেন, খালেদা জিয়া তার সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যায় লেলিয়ে দিয়েছেন।
যৌথঅভিযানে যাদের ‘হত্যা’ ও গ্রেপ্তারের কথা খালেদা বলেছেন, তারা সন্ত্রাসী বলেও মন্তব্য করেন হাসিনা।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, “যে সরকারের প্রতি মানুষের সমর্থন নেই, তারা তো দেশের নিহত মানুষজনকে সন্ত্রাসীই বলবেন।
“টিক্কা খান এই দেশের মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতকারী বলেছিলেন। আমরা মনে করি, এই সরকারের ওপরও পাকিস্তানের প্রেতাত্মা ভর করেছে।”
যৌথঅভিযানে বিরোধী জোটের নেতাদের ‘হত্যা’-গ্রেপ্তার করা হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর অস্ত্র হাতে চড়াও হওয়া ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তার না করার সমালোচনাও করেন বিএনপি নেতা।
সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, দলের নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মনির হোসেন প্রমুখ।
‘লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীকে সামলান’
এক মাসে খুন-গুম ৩০০ নেতা-কর্মী: খালেদা
