২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশম সংসদের যাত্রা শুরুর অপেক্ষা

দুই যুগেরও বেশি সময় পর দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিকে বাইরে রেখেই দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে বুধবার।  

সাজিদুল হক

সংযুক্ত আরব আমিরাত থেকে

Published : 29 Jan 2014, 01:27 AM

Updated : 01 Sep 2026, 12:19 PM

এই সংসদেই জাতীয় পার্টি প্রথমবারের মতো সংসদের বিরোধী দলের আসনে বসছে।

বুধবার সন্ধ্যা ৬টায় অধিবেশন শুরু হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ অধিবেশনে ভাষণ দেবেন।

সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিধান রয়েছে।

আওয়ামী লীগের সংসদীয় দল মঙ্গলবার স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার হিসেবে গাইবান্ধার সাংসদ ফজলে রাব্বী মিয়ার নাম চূড়ান্ত করেছে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাইরে এই প্রথম বিরোধী দলীয় নেতার আসনে নতুন কাউকে দেখবেন দেশবাসী।

তবে নতুন বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ তার পূর্বসুরিদের মতোই একজন নারী।

সরকারেও জাতীয় পার্টির প্রতিনিধিত্ব থাকায় দশম সংসদের কার্যক্রম কিছুটা ‘অন্য রকমের’ হবে বলে মনে করছেন অনেকে।

অবশ্য জাতীয় পার্টি বলছে, মন্ত্রিসভায় থাকলেও সংসদে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবে।

মঙ্গলবার রওশদ এরশাদের সভাপতিত্বে জাতীয় পার্টির সংসদীয় দল তাজুল ইসলাম চৌধুরীকে বিরোধীদলীয় প্রধান হুইপ মনোনীত করেন।

এদিকে মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের আসন বণ্টন চূড়ান্ত করেছেন। সামনের সারিতে বিরোধী দল জাতীয় পার্টিকে ৫টি আসন বরাদ্দ দেয়া হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বর্জনের মধ্য দিয়ে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

সংসদীয় গণতন্ত্র চালু হওয়ার পর সরকারি দলে না হলেও বিরোধী দলে ছিল বিএনপি। আর ষষ্ঠ সংসদ ছাড়া অন্যান্য সংসদগুলোতে কম বেশি প্রতিনিধিত্ব ছিলো জামায়াতে ইসলামীর।

জাতীয় পার্টিকে পাঁচটি আসন দেয়ার বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনের সারিতে আনুপাতিক হারে যা পাওয়ার কথা তার থেকে একটি বেশি আসন দেয়া হয়েছে। জাতীয় পার্টি যাদের নাম দিয়েছে তাদেরকেই সামনে সারিতে আসন দেয়া হয়েছে।”

মঙ্গলবার রাতেই সংসদ সদস্যদের আসন বণ্টনের তালিকা সংসদ কক্ষে টানিয়ে দেয়া হয়েছে। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পাশে বসবেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, তার পাশে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার এবং একেএম মাঈদুল ইসলাম।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী আরো জানান, অধিবেশন শুরুর পর স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নির্বাচনের পর অধিবেশন মুলতবি করা হবে। নতুন স্পিকার-ডেপুটি স্পিকার সংসদের সাততলায় রাষ্ট্রপতি কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে শপথ নেবেন।

বিদায়ী স্পিকার শিরীন শারমিন আবার প্রার্থী হওয়ায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে।

পরে নতুন স্পিকার সংসদ অধিবেশন পরিচালনা করবেন। সভাপতিমণ্ডলী মনোনয়নের পর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করবেন।

দশম সংসদের সদস্য শওকত মোমেন শাজাহান মারা যাওয়ায় শোক প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে আলোচনার পর রেওয়াজ অনুযায়ী অধিবেশন কিছু সময়ের বিরতি দেয়া হবে।

এরপর রাষ্ট্রপতি ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের পর রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে।

এদিকে চলতি সংসদে পাসের জন্য মঙ্গলবার পর্যন্ত মাত্র একটি বিল জমা পড়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪ নামের এই বিলটি সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা পড়েছে।

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জবাব দানের জন্য ইতিমধ্যেই পাঁচ শতাধিক প্রশ্ন জমা পড়েছে। তবে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো মূলতবি প্রস্তাব পড়েনি।

গত ২৪ জানুয়ারি নবম সংসদের মেয়াদ শেষ হয়েছে। ২০০৯ সালের ২৫ জানুয়ারি এই সংসদের যাত্রা শুরু হয়।

আর দশম সংসদে এ পর্যন্ত ২৯৭ জন সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ২৩১ জন, জাতীয় পার্টির ৩৪ জন, ওয়ার্কার্স পার্টির ছয় জন, জাসদ (ইনু) পাঁচ জন, তরিকত ফেডারেশনের দুই জন, জেপি (মঞ্জুর) দুই জন এবং বিএনএফ’র একজন সদস্য রয়েছেন।