খন্দকার মাহবুবের রিমান্ড-জামিন দুটোই নাকচ
ভাংচুর ও বিস্ফোরণের একটি মামলায় বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের জামিন ও পুলিশের রিমান্ডের আবেদন নাকচ করে দিয়েছে ঢাকার আদালত।
ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন। এই আদেশের ফলে এই বিএনপি নেতাকে কারাগারেই থাকতে হবে।
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মাহবুবকে গত ৭ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
নাশকতায় উস্কানির একটি মামলায় হাই কোর্ট গত ২৩ জানুয়ারি তাকে জামিন দিলেও শান্তিনগরে পুলিশের কাজে বাধা, ভাংচুর ও বোমা হামলায় উস্কানির অভিযোগে রমনা থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক বজলুর রহমান।
মঙ্গলবার মাহবুবের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।
খন্দকার মাহবুবের স্ত্রীর আবেদনে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া তাকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করারও একটি নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
