‘বিএনপি লাইনচ্যুত’
নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে ‘ব্যর্থ’ বিএনপি এখন দিশাহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
ভোট ঠেকাতে হরতাল-অবরোধে নাশকতার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, “ফিশপ্লেট খুলে ট্রেনকে লাইনচ্যুত করতে গিয়ে বিএনপি লাইনচ্যুত হয়ে পড়েছে।”
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন সাবেক পরিবেশমন্ত্রী হাছান।
“আন্দোলনের নামে অর্থের বিনিময়ে তারা জঙ্গি, সন্ত্রাসী আর ছিনতাইকারীদের সঙ্গে নিয়ে সহিংসতা চালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।”
দশম সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলেও একাদশ সংসদে বিএনপিকে দেখতে চেয়েছেন আওয়ামী লীগের এই নেতা।
“জামায়াতের সঙ্গ ছেড়ে রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখুন,” বিএনপি নেতাদের উদ্দেশে বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশ নিয়ে ‘ফন্দি’ করছেন বলেও অভিযোগ করেন হাছান।
“তিনি (খালেদা জিয়া) এখন কী ফন্দি করছেন, তা নিয়ে দেশবাসী চিন্তায় আছে।”
নির্বাচনোত্তর সাম্প্রদায়িক সন্ত্রাস নিয়ে হাছান বলেন, “বিএনপি-জামায়াত জোট সাপের মতো সংখ্যালঘুদের ওপর ছোবল হানছেন আর বুধবার বেগম জিয়া ওঝা হয়ে জাতির সামনে সংবাদ সম্মেলন করেছেন।”
