বিদেশিরাও বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: কামরুল
খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের মতো বিদেশিরাও বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জনতার প্রতাশ্যা আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
কামরুল বলেন, “আমরা আশা করছি, আজকের সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচি দেবেন। একইসঙ্গে দশম জাতীয় সংসদ নির্বাচনে না গিয়ে যে ভুল করেছেন তা শোধরাবেন।”
বিকেলে রাজধানীর ওয়েস্টিন হেটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে সেখানে। নির্বাচনের পরে এদিনই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, “আমরা চাই, বিএনপি যে হতাশায় ডুবে আছে সেখান থেকে তারা বেরিয়ে আসুক। খালেদা জিয়াকে নিয়েই দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই।”
তিনি বলেন, বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিয়েছে, যা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
বিদেশিরাও বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
সম্প্রতি বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে নির্বাচনে ভোটারদের স্বল্প উপস্থিতি নিয়ে আলোচনা করেন বিএনপি নেতারা।
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল বলেন, “এই সরকারের মেয়াদেই মানবতাবিরোধী অপরাধের সব বিচার ও রায় কার্যকর করা হবে।”
রাজনৈতিক কর্মসূচির নামে যারা বাসে আগুন দিয়েছে, গাছ কেটেছে তাদেরও মানবতাবিরোধী অপরাধীদের মতো বিচার করা হবে বলে জানান তিনি।
কৃষক লীগের সহ-সহসভাপতি এম এ করিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বক্তব্য দেন।
তিনি বলেন, “এই সরকার সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। সরকার পাঁচ বছরই ক্ষমতায় থাকবে-এটাই স্বাভাবিক।” সংবাদ সম্মেলনে খালেদা জিয়া জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ার ঘোষণা দেবেন বলেও আশা প্রকাশ করেন সাবেক আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
