বিএনপি কার্যালয়ে মিলাদ
মাসখানেক পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছেন নেতা-কর্মীরা, তারা সেখানে মিলাদ পড়েছেন।
ঈদে মিলাদুন্নবীতে মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ের নিচতলায় মিলাদের আয়োজন হয়। স্থায়ী কমিটির সদস্য আর এ গনির নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য ছাড়াও কর্মীরাও অংশ নেন মিলাদ মাহফিলে।
নির্বাচনের বিরোধিতা করে আন্দোলনের মধ্যে পুলিশের তৎপরতায় বিএনপি নেতা-কর্মীরা ভিড়তে পারছিলেন না কেন্দ্রীয় কার্যালয়ে।
গত ৩০ নভেম্বর ওই কার্যালয় থেকে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের পর থেকে নেতা-কর্মীশূন্য ছিল নয়া পল্টনের ওই কার্যালয়।
বিএনপির বর্জনের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার নয় দিন পর কার্যালয়ে মিলাদ মাহফিল নির্বিঘ্নেই করেছে বিএনপি।
এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন।
সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উলামা দলের হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক, যুবদলের আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী, মহিলা দলের শিরিন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, কৃষক দলের শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।
মিলাদের পর বিশেষ মোনাজাত হয়। পরে নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
কার্যালয় থেকে গ্রেপ্তার রিজভী কারাগারে
বিএনপি কার্যালয় ‘তছনছ’
কার্যালয় ‘অবরুদ্ধ’ রেখে গণতন্ত্র হরণ: রিজভী
