২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন হয়নি হান্নান রিজভীর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন জজ আদালতেও নাকচ হয়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 02:30 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহরুল হক সোমবার শুনানি করে এই আদেশ দেন।

দুই বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলায় জামিন শুনানি হয় এই আদালতে।

এর মধ্যে রিজভী গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানার এক মামলায় এবং হান্নান হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় মতিঝিল থানার দুই মামলায় জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে বিচারক তিনটি আবেদনই নাকচ করে দেন।

আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও গোলাম মুজতবা।

তবে বিএনপির দুই নেতা শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না।

হাকিম আদালতে জামিন আবেদন নাকচ হয়ে যাওয়ার পর জজ আদালতে এই আবেদন করেছিলেন হান্নান ও রিজভী।

গত ৩০ নভেম্বর নয়া পল্টনে বিএনপি কার্যালয় থেকে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে হরতাল-অবরোধে নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

রিজভীকে গ্রেপ্তারের পাঁচ দিন আগে ২৫ নভেম্বর রাতে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয় হান্নান শাহকে।