কর্মীদের নিয়ে বিএনপি-জামায়াত মোকাবেলার নির্দেশ
তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতকে মোকাবেলা করতে নবনির্বাচিত সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে নতুন সংসদ সদস্যদের তিনি এ নির্দেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান গাজীপুরের সাংসদ মো. রহমত আলী।
সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের এ বৈঠকেই দশম জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন শেখ হাসিনা।
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় সভানেত্রী শেখ হাসিনার নাম সংসদ নেতা হিসেবে প্রস্তাব করেন।
তার প্রস্তাব সমর্থন করেন নবম জাতীয় সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ। বাকি সব সদস্য করতালি দিয়ে ততে সমর্থন জানান।
বৈঠকে উপস্থিত এক সংসদ সদস্য বলেন, “সংসদ নেতা হিসেবে নাম প্রস্তাব করার পর শেখ হাসিনা বলেন, ‘আমিতো দুইবার দায়িত্ব পালন করেছি। এখন আপনারা অন্য কউকে দায়িত্ব দেন’।”
বৈঠক প্রসঙ্গে রহমত আলী বলেন, “প্রধানমন্ত্রী নতুন সব সংসদ সদস্যকে সততার সঙ্গে কাজ করতে বলেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় বিএনপি-জামায়াতকে মোকাবেলা করতে বলেছেন।
“প্রধানমন্ত্রী নতুনদের বলেছেন, সততা নিয়ে কাজ করবেন। সততা থাকলে সাহস থাকে। সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।”
আব্দুস শহীদ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজ নিজ এলাকার আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে আইন-শৃঙ্খলাবাহিনীর সহায়তায় কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডাকবেন। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এর ১৫দিন আগেই সংসদ আহ্বান করা হবে।
অধিবেশন বসার আগেই নতুন সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে বলেও আব্দুস শহীদ জানান।
রহমত আলী জানান, সংসদ উপনেতা এবং প্রধান হুইপ মনোনীত করার বিষয়ে সংসদীয় দল সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছে।
