২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিক্সনের কাছে হার জাফরের

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহকে হারালেন শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 03:02 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রোববার অনুষ্ঠিত বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সাবেক সংসদ সদস্য জাফরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হন মজিবর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী)।

ফরিদপুর-৪ আসনের ফলাফলে দেখা যায়, আনারস প্রতীকে নিক্সন ৯৮ হাজার ৩০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর এই আসনের সাবেক সংসদ সদস্য জাফর পেয়েছেন ৭২ হাজার ২৪৮ ভোট।

এই আসনে মোট ভোটার ৩২১৭৯১। ১৬৬ কেন্দ্রে ভোট পড়েছে ১৭২৭১৪, বাতিল ভোট ১৬০৭টি।

পদ্মা সেতু দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া নিক্সনের ভাই নূর-ই আলম চৌধুরী (লিটন চৌধুরী) মাদারীপুরের শিবচর থেকে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তিনি নবম সংসদে হুইপের দায়িত্বে রয়েছেন।

তাদের দাদি ফাতেমা বেগম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন। সেই সূত্রে তারা শেখ হাসিনার আত্মীয় হলেও সম্প্রতি এই আসনে জাফরের পক্ষে এক জনসভায় বক্তব্যে তিনি বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা তার আত্মীয় নয়।

এরপর নিক্সন বলেন, “ভাই-বোন (বঙ্গবন্ধু ও ফাতিমা বেগম) আত্মীয় হলে আমরাও আত্মীয়।”

তবে পদ্মা সেতুতে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন নিক্সন।

‘শেখ হাসিনা আমার আত্মীয়’