অর্থমন্ত্রীর সম্পদ বেড়েছে ৪৪ লাখ টাকা
পাঁচ বছরে অর্থমন্ত্রীর সম্পদ বেড়েছে ৪৪ লাখ টাকা। বার্ষিক বৃদ্ধির হার ৭ দশমিক ৯৪ শতাংশ।
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিদের কারো কারো সম্পদ এবং আয়ের ‘অস্বাভাবিক’ বৃদ্ধি নিয়ে আলোচনার মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করেন।
দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ২০১৩-১৪ কর বছরের রিটার্ন জমা দিয়ে নিজের আয়, সম্পদ বিবরনী এবং প্রদেয় কর প্রকাশ করেন মুহিত।
কর অঞ্চল-৮ এর করদাতা অর্থমন্ত্রী গত ৪ বছর ধরে অনলাইনে আয়-বিবরণী জমা দিচ্ছেন।
ক্ষমতায় থাকা অন্যদেরও সম্পদ বিবরণী প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
মুহিত সাংবাদিকদের বলেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব ওপেন হওয়া উচিৎ। দুদক ইন্ডিপেন্ডেন্ট বডি। প্রয়োজনে এ হিসাব তদন্ত করবে। এনবিআরও তদন্ত করতে পারে। তাদের বিধিতেই আছে।”
অর্থমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, পাঁচ বছর আগে ২০০৮-০৯ অর্থবছরে অর্থমন্ত্রীর সম্পদের পরিমাণ ছিল এক কোটি ১৪ লাখ টাকা।
২০০৯-১০ অর্থবছরে ছিল এক কোটি ২৩ লাখ টাকা। ২০১০-১১ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় এক কোটি ২৮ লাখ টাকা। ২০১১-১২ অর্থবছরে ছিল এক কোটি ২৯ লাখ টাকা। ২০১২-১৩ অর্থবছরে ছিল এক কোটি ৪৫ লাখ টাকা।
২০১৩-১৪ কর বছরে অর্থমন্ত্রী কর দিয়েছেন ৮৪ হাজার ৪৩৬ টাকা।
বার্ষিক প্রবৃদ্ধি ৭ দশমিক ৯৪ শতাংশ।
মুহিতের বাৎসরিক আয়ের বড় অংশ আসে বেতন-ভাতা থেকে। ভাতা করমুক্ত বলে করের পরিমাণও কম।
