গাজীপুরে পুলিশের মোটরসাইকেলে অগ্নিসংযোগ
অবরোধ চলাকালে গাজীপুরে এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে আগুন দিয়েছে পিকেটাররা।
শনিবার বেলা ১১টার দিকে জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বরত এসআই হাফিজুর রহমানের মোটরসাইকেলে আগুন দেয়া হয়। তবে প্রত্যক্ষদর্শীরা এসে আগুন নিভিয়ে ফেলায় মোটরসাইকেলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে।
এসআই হাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা জামায়াত কার্যালয়ের প্রবেশ পথে মোটরসাইকেলটি রেখে তিনি পাশের একটি সেলুনে গেয়েছিলেন। এ সময় পাশ দিয়ে অবরোধের সমর্থনে একটি মিছিল থেকে তার মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
মিছিলটি শিববাড়ী মোড়ের দিকে যাওয়ার সময় কয়েকটি যানবাহন ভাংচুর করে। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা চলে যাওয়ার সময় মোটরসাইকেলে আগুন দিয়ে যায়।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়িনি বলেও জানান তিনি।
