হাসিনাকে রেখে তফসিল অনুযায়ী ভোট: সিদ্ধান্ত আ. লীগের
বিরোধী দলের আপত্তির মধ্যেই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে রেখে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠা এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধী দলের সহিংস অবরোধের মধ্যে বুধবার শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আজকের ওয়ার্কিং কমিটির বৈঠকের মূল রেজুলেশন হল- নির্বাচন হবে, শেখ হাসিনার নেতৃত্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।
“শেখ হাসিনার নেতৃত্বে, তার নেতৃত্বে সরকারের অধীনেই নির্বাচন হবে। এর কোনো হেরফের হবে না। তার নেতৃত্বেই নির্বাচন হবে।”
“নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন হবে। এর কোনো তারিখ হেরফের আওয়ামী লীগ মেনে নেবে না।”
বিরোধী দলের টানা অবরোধের পর আরো জোরদার কর্মসূচি দেয়ার হুমকির মধ্যে আওয়ামী লীগের এই সিদ্ধান্তে নির্বাচন প্রশ্নে তাদের কঠোর অবস্থানের প্রকাশ ঘটল।
চলমান পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সফরের মধ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর সুজাতা সিং বলেন, তার দেশে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত দেখতে এবং সর্বোচ্চ সংখ্যক দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।
নির্বাচন কমিশন ইতোমধ্যে ৫ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের পর জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে জরুরি এই বৈঠক ডাকেন শেখ হাসিনা।
ওই বৈঠক শুরুর আগেই এইচ এম এরশাদ নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পাটির নেতাদের পদত্যাগ করার আহ্বান জানান। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপিও।
এক সময়ের জোটসঙ্গী জাতীয় পার্টির হঠাৎ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আশরাফ সাংবাদিকদের বলেন, “আপনারা একটু অপেক্ষা করেন, আমরাও অপেক্ষা করি। সময়মতো বলব।”
নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ঘোষিত তফসিল মেনে ১৫টি দল মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে জাতীয় পার্টি অংশ না নিলে দলের সংখ্যা দাঁড়াবে ১৪টি।
আশরাফ বলেন, “গণতান্ত্রিক অগ্রযাত্রায় নির্বাচনের বিকল্প নেই। বিভিন্ন যুক্তি-তর্ক দিয়ে নির্বাচন থেকে যারা সরে দাঁড়িয়েছেন, তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না।”
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ‘একতরফা’ নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে।
সেদিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “হত্যা, সন্ত্রাস ও হরতাল দিয়ে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করা যাবে না। খালেদা জিয়া যদি মনে করেন, চোরাগুপ্তা হামলার মাধ্যমে নির্বাচন রুখে দেবেন- তাহলে ভুল করবেন।”
নতুন মিত্র জাতীয় পার্টিকে হারাতে বসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ তাদের এক সময়ের রাজনৈতিক মিত্র সিপিবিকে নির্বাচনে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।
“স্বৈরশাসকের নির্বাচনে সিপিবি অংশ নেয়। তারা শুধু অংশই নেয়নি; সকলকে অংশ দিতে উদ্বুদ্ধ করেছিল।আজকের নির্বাচনে কী হয়েছে?”
এরশাদের সামরিক শাসনামলে ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন আট দলের হয়ে অংশ নিয়েছিল সিপিবি। ওই সংসদ মেয়াদ পূর্তির তিন বছর আগেই ভেঙে যায়।
এবারের নির্বাচনে অংশ না নেয়ার ক্ষেত্রে সিপিবির যুক্তি, বিএনপিসহ সব দলের (জামায়াতে ইসলামী ছাড়া) অংশগ্রহণে নির্বাচন না হলে তা গ্রহণযোগ্যতা পাবে না।
সিপিবির এই অবস্থানকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দলটির নির্বাচনে না আসা আশরাফ তার পাশে বসা দলের সভাপতিমণ্ডলীর সদস্য, এক সময়ের সিপিবি নেতা নূহ-উল আলম লেনিনের দিকে তাকিয়ে বলেন, “সিপিবির মুখ্য নেতারা আমাদের আশে পাশেই আছেন।”
পাকিস্তান শাসনামলে ৫৪, ৬২ ও ৬৬ এবং জিয়াউর রহমানের অধীনে ৭৯ সালের নির্বাচনে অংশ নেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “স্বৈরশাসকের অধীনে নির্বাচনে জয়লাভ করা সম্ভব না। তারপরও আমরা তখন নির্বাচনে গেছি। জনগণের কথা পৌছে দিতেই তখন আমরা নির্বাচনে গেছি।”
বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গে আশরাফ বলেন, “বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি আসে, আমাদের পরামর্শ দেয়। আমরা তাদের বলি, আপনাদের দেশে কিভাবে নির্বাচন হয়? আমরাও একইভাবে নির্বাচন করতে চাই।”
বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “কোনো মিছিল তো দেখি না। টোকাই আর সন্ত্রাসীদের ককটেল মারা ছাড়া কিছুই তো দেখি না। এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড।
“যে দলের নেত্রী হরতাল ডেকে রাস্তায় নামেন না, সে দল কিভাবে হরতাল করবে।”
