২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সব দল না এলে’ নির্বাচনে যাবে না সিপিবি

সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে বর্তমান তফসিলে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 02:39 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “চলমান পরিস্থিতি অবসানে উদ্যোগ না নিয়ে তফসিল ঘোষণা কোনো সমাধান নয়। এই তফসিলে সকলের অংশগ্রহণে অর্থবহ গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।

“সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে তা হবে একতরফা প্রহসনের নির্বাচন। জনগণ এই নির্বাচন গ্রহণ করবে না। সিপিবি সকলের অংশগ্রহণে নির্বাচনের জন্য অপেক্ষা করবে। তা না হলে বর্তমান ঘোষিত তফসিলে নির্বাচন থেকে বিরত থাকবে।”

জোট-মহাজোটের বাইরের এই বামপন্থী দলের সভাপতি বলেন, “অবাধ গ্রহণযোগ্য নির্বাচন যাতে না হয় সেজন্য নানা অপশক্তি তৎপর। এর একটি হচ্ছে সাম্প্রদায়িক যুদ্ধাপরাধী জামায়াত চক্র। অন্যদিকে রয়েছে অরাজনৈতিক প্রক্রিয়ার উত্থানে সুযোগ সন্ধানী গোষ্ঠী। এরা সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় না।”

রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। এসময় দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

আবু জাফর  বলেন, সিপিবি দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। সবার অংশগ্রহণে নির্বাচনে অংশ নিতে চায়।

সব দলের অংশগ্রহণে একটি ‘গ্রহণযোগ্য’ নির্বাচনের জন্য সিপিবি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি।

তিনি বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাতের মাশুল দিতে হচ্ছে দেশ ও সাধারণ জনগণকে। এসব দ্বন্ধ-সংঘাতের সুযোগ নিয়ে বিদেশি শক্তি নানাভাবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

“সরকারের কাছ থেকে দেশের স্বার্থবিরোধী সুবিধা হাতিয়ে নিচ্ছে। টিকফাসহ দেশবিরোধী নানান চুক্তিতে বাংলাদেশকে আবদ্ধ করা হচ্ছে।”

সংবাদ সম্মেলনে সিপিবি নেতা হায়দার আকবর খান রনো, আহসান হাবীব লাভলু, রুহিন হোসেন প্রিন্স, মাহবুব আলম, ডা. ফজলুর রহমান, শাহীন রহমান, আব্দুল কাদের, জলি তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।