‘যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে’
বাংলাদেশ শান্তির পক্ষে থাকলেও সশস্ত্র বাহিনীকে সব সময় যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “আমরা শান্তি চাই। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং সেজন্য আমাদের সক্ষমতাও বাড়াতে হবে।”
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, ফ্যাকাল্টি, স্টাফ অফিসার ও ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৩ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৩ এ অংশগ্রহণকারীরা বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মতো একটি দেশে শক্তিশালী সশস্ত্র বাহিনী থাকার মানে এই নয় যে তারা যুদ্ধে জড়িয়ে যাবে।
“বরং তারা কেবল বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে।”
এ প্রসঙ্গে বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি সশস্ত্র বাহিনীর কৃতিত্বপূর্ণ অংশগ্রহণের বিষয়টি তিনি তুলে ধরেন।
শিক্ষা এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে শিক্ষিত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে।
আর্থিক সঙ্কট থাকার পরও সরকার দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বাজেট বরাদ্দ করে গেছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের মান, দক্ষতা ও পেশাদারিত্ব ধরে রাখতে সব সময় সচেষ্ট থাকবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, মিশর, সৌদি আরব, জর্ডান, মালয়শিয়া ও তানজানিয়ার সামরিক বাহিনীর ২৬ জন সদস্যসহ মোট ৬৪ জন এবার ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশ নেয়।
