কামাল-মান্নাকে নিয়ে ‘যুক্তফ্রন্টের’ স্বপ্ন সিপিবির
আওয়ামী লীগ ও বিএনপির বাইরে আওয়ামী লীগত্যাগী মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য এবং সাবেক আওয়ামী লীগ নেতা ড. কামাল হোসেনের গণফোরামের সঙ্গে জোট করে ১৯৫৪ সালের জাতীয় নির্বাচনের মতো যুক্তফ্রন্ট গঠনের আশা করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে সেলিম বলেছেন, “কমন ইস্যু নিয়ে একসঙ্গে কর্মসূচি পালন করে এই ধারাটাকে আমরা আরো বিকশিত করতে চাই। আমরা সব বামপন্থী মিলেও হয়তো আওয়ামী লীগ-বিএপির বিকল্প হতে পারবো না। সেজন্যেই আমরা উদার গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তিকে আহ্বান জানিয়েছি। সকলকে নিয়েই আমরা গণতান্ত্রিক গণমোর্চা গড়ে তুলতে চাই। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের মতো।”
প্রসঙ্গত, ১৯৫৪ সালের সেই নির্বাচনে জোট বেঁধেছিল আ্ওয়ামী লীগ, কৃষক-প্রজাপার্টি, গণতন্ত্রী দল এবং নেজাম-ই-ইসলামী।
হোসেন শহীদ সোহরা্ওয়ার্দী, শেরে বাংলা ফজলুল হক এবং মা্ওলানা ভাসানীর এই জোট পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের বিরুদ্ধে ভূমিধ্বস জয় পায়।
পুরো সাক্ষাৎকার
প্রশ্ন: সিপিবি এবং বাসদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গ্রহণযোগ্য’ নির্বাচন না হলে আপনারা নির্বাচনে অংশ নেবেন না। ‘মিনিংফুল’ দলের অংশগ্রহণের কথাও আপনারা বলেছেন। উদাহরণও দেখিয়েছেন, বিএনপিকে বাদ দিয়ে ৮৬ নির্বাচনে অন্যান্য বামপন্থী দলগুলো অংশ না নিলেও আপনারা নিয়েছিলেন। ৭৩ এ কমিউনিস্ট পার্টির মিছিলে গুলি চললে ২ জন প্রাণ হারানোর পরেও আপনারা বাকশালে গিয়েছিলেন। তাহলে এখন কেন নির্বাচনে যাচ্ছেন না?
সেলিম: এখানে দুইটা বিষয় বিবেচনা করা উচিত। প্রথম হলো অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমরা মনে করি এবং বহুবার বলেছি বর্তমানে দেশে যে নির্বাচনী ধারা চলছে তা নির্বাচনে নামে প্রহসন। নির্বাচনে টাকার ব্যবহার করা হয়, প্রশাসনিক কারসাজি করা হয়। ভোট আদায়ে সাম্প্রদায়িক কলাকৌশল ব্যবহার করা হয়। এর কারণে নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটে না। এসব অশুভ উপাদান ব্যবহার করে বাইরে নির্ধারিত কতগুলো ফ্যাক্টর দ্বারা নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয়ে যায়। সত্যিকথা বলতে একটা শ্রেণী বিভক্ত সমাজে অবাধ, নিরপেক্ষ নির্বাচন ষোলআনা কখনও কার্যকর হয় না। তাছাড়া আমাদের নির্বাচনব্যবস্থা সেই ব্রিটিশ আমলের যেটাকে বলা হয়, ফার্স্ট পাস দ্যা পোস্ট। ১০ জন নির্বাচনে দাঁড়ালো একজন ২০ ভাগ পেলো আর বাকিরা ১৮ ভাগ করে পেলো তাহলে ওই কুড়ি ভাগ যে পেলো যে বিজয়ী হবে। এই ব্যবস্থা প্রকৃত অর্থে জনপ্রতিনিধিত্বের প্রতিফলন ঘটায় না। আমরা সব সময় দাবি করে এসেছি, নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা চালু করতে হবে।
প্রশ্ন: আপনারা বলেন, নির্বাচনে পেশীশক্তি এবং টাকার ব্যবহার থাকলে নির্বাচন সুষ্ঠু হয় না। পেশীশক্তি-টাকার ব্যবহার থাকলো আর নির্বাচনে বিএনপি অংশ নিলো তাহলে নির্বাচন সুষ্ঠু হবে?
প্রশ্ন: ৮৬তে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গিয়েছিলেন। তাহলে এবার কেন নির্বাচনে যাচ্ছেন না। জামায়াতে ইসলামীও তাদের স্বার্থে দেখতে চায় যাতে সকলের অংশগ্রহণভিত্তিক নির্বাচন না হয়।
সেলিম: এই ঘটনার ব্যত্যয় ঘটেছিল ১৯৮৬ সালে, আপনি সঠিক বলেছেন। তখনকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল। সরকারে সামরিক স্বৈরাচার এবং তার একটি দল ছিল। সে কারচুপি করে ইলেকশানে জিততে চায়। আমরা সে সময় সংগ্রামে রাজপথে ছিলাম। সেই সংগ্রামের অংশ হিসেবে আমরা নির্বচানে অংশ নিয়েছিলাম। অংশগ্রহণ করাটাও অযৌক্তিক ছিলো না। কিন্তু পরবর্তীকালে ঘটনাপ্রবাহ থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে সেই নির্বাচনটাও ছিলো একটা পাতানো নির্বাচন। এরশাদ একটা ছক এঁকে-বিরোধী দলকে কত আসন দিবে আর কত আসন দেবে না এভাবে ছক কেটে সে নির্বাচনে অবতীর্ণ হয়। যার ফলে নির্বাচনের ফলাফলের পরেই আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং এটা যে অগ্রহণযোগ্য হয়েছে সেটা আমরা বলি। কিন্তু আমরা সামগ্রিকভাবে ৮৬ সালে নির্বাচনটা যে পদ্ধতিতে পাতানো নির্বাচন হয়েছে সেটা যদি আগে আমরা জানতে পারতাম তাহলে আমরা সেই নির্বাচনে যেতাম না। এবং না জেনে এইভাবে যাওয়াটা যে আমাদের খুব বুদ্ধিমত্তার ব্যাপার হয়েছে; সেটা কমিউনিস্ট পার্টি পরবর্তীকালে আত্মপর্যালোচনা করে দেখেছে যে, সেরকম বুদ্ধিমত্তার ব্যাপার হয়নি।
এর পরে ১৯৯৬ সালে এরকম একটা একতরফা নির্বাচন হয় ফেব্রুয়ারি মাসে। সেখানে বিএনপি হলো ক্ষমতাসীন এবং আওয়ামী লীগ সেখানে অংশগ্রহণ করে নাই। আওয়ামী লীগ ছিলো মূল প্রতিদ্বন্দ্বী। সেখানে যে দাবিটা ওঠে অবাধ, নিরপেক্ষ, নির্বাচন করতে গেলে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু করা উচিত। এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টি সেই দাবি তুলেছিলো।
প্রশ্ন: তিন জোটের রূপরেখা...এই অফিসে বসেই বোধহয় লেখা হয়েছিলো....
সেলিম: হ্যাঁ, এই অফিসেই লেখা হয়েছিলো এবং প্রথম খসড়াটা আমার হাতে করা। সেই ড্রাফটে লেখা ছিলো আগামী তিনটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে। কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়া দু’জনের সঙ্গে আমি দেখা করি। দুজনেই বলেন, এগুলো আপনি বাদ দেন। যার ফলে যখন তিনজোটের রূপরেখা প্রণীত হয় তখন সেটার ভিতরে এই বিধানটা ছিলো না। পরে ৯৬ সালে মাগুরা ইলেকশনের অভিজ্ঞতাকে কেন্দ্র করে আওয়ামী লীগ এই দাবিতে সোচ্চার হয়। যদিও পরবর্তীকালে আমরা সবসময় দেখেছি, সরকারে থাকলে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে থাকে আর বিরোধী দলে থাকলে পক্ষে। ভাঙা রেকর্ডের মতো আওয়ামী লীগের বক্তৃতা বিএনপি চালাচ্ছে আর বিএনপিরটা আওয়ামী লীগ।
এইবারের নির্বাচনের পটভূমিটাও বিবেচনা করা প্রয়োজন। আমরা বলেছি, সকলের অংশগ্রহণের ভিত্তিতে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয় তাহলে সেটার ফলাফল স্থায়ী হবে না। স্থায়ী না হলে দুইটা বিপদ তৈরি হবে। সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হওয়ার বিপদ সৃষ্টি হবে। ১/১১’র মতো হস্তক্ষেপ গণতন্ত্রকে বিপন্ন করতে পারে। যাতে তাই হয়, সেজন্য জামাত-শিবির তার পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে সশস্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করছে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে প্রচেষ্টা চালাচ্ছে। সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত থাকলে বিচারিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে না। সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ন করতে পারলে জামায়াত সফল হতে পারে। ১/১১ এরমতো ঘটনা যারা চায়, তারা নির্বাচন নিয়ে যাতে বড় রকমের অচলাবস্থা এবং প্রশ্ন থেকে যায়, সেইটা নিশ্চিত করতে তারা ব্যাকুল।
আরেকটা শক্তি, যারা দেখতে পাচ্ছে বাজারের তাদের সমর্থনের বিপুল ধস নেমে গেছে। সকলের অংশগ্রহণে নির্বাচন হলে জিতে আসার সম্ভাবনা একবারেই নেই। দ্বিতীয় মেয়াদ নিশ্চিত করতে হলে; ফুটবল খেলায় যেমন ওয়াকওভারে জিতে আসার একটা ব্যাপার আছে। তেমন করে জিতে আসতে চাচ্ছে। সকলের অংশগ্রহণে নির্বাচন থেকে দূরে থাকতে চাচ্ছে। এই যে তিনটা শক্তির কথা বললাম, এরা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কি হবে, সেটা নিয়ে যাতে সমঝোতা না হয় সেটার জন্য মরিয়া। আগামী নির্বাচন নিয়ে যে অবস্থা এই মুহূর্তে বিরাজমান তা আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে যে, সেটা সাজানো একতরফা নির্বাচন হবে। জনগণের অংশগ্রহণ সেখানে থাকবে না। নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত কেননা মূল প্রতিদ্বন্দ্বী কেউই এই নির্বাচনে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে না।
একটা উদাহরণ দিতে চাই, আমাদের ঢাকা ফুটবল টুর্নামেন্টে প্রধান দুটি দল হলো আবাহনী আর মোহামেডান। এখন আগামী বছর টুর্নামেন্টে যদি কায়দা করে আবাহনীকে বাদ রাখা হয় এবং তার পরে খেলার আয়োজন করা হয় তাহলে কি এটা টুর্নামেন্ট হলো? কিংবা মোহামেডানের সঙ্গে একটা বা দশটা ছোট টিমের যখন খেলা হবে তখন দর্শকদের কি সেই ব্যাপারে আগ্রহ থাকবে? এইবারও ভয়-ভীতির জন্য মানুষ ভোট করতে কম যাবে। দ্বিতীয়ত, নির্বাচনে কে জিতবে সেটা আগে থেকে অনুমান করা যাচ্ছে, এটা একতরফা নির্বাচন সুতরাং...এমনকি আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দিতে আগ্রহ বোধ করবেন না। তাছাড়া নমিনেশন নিয়ে যেসব কেলেঙ্কারি ঘটনা ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, দলের অভ্যন্তরে যে বিরোধ চলছে; বিএনপি-জামাত যেভাবে অবরোধ ডেকেছে আওয়ামী লীগের নমিনেশন বঞ্চিতরাও অবরোধ পালন করছে।
আমরা দেখেছি সরকার টিকফা চুক্তি সই করে নিয়ে আসলো। সই করার কয়েকমিনিটের মধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হলো-আমরা এটাকে সাধুবাদ জানাই। টিকফা সই করে আমেরিকা খুশি করার জন্য যদি দুইপক্ষ এক হতে পারে, তাহলে জনগণের এই দুর্ভোগ-দুর্যোগ থেকে মুক্তি দেয়ার জন্য কেন এই দুইদল এক হতে পারবে না, সমঝোতায় আসতে পারবে না?
প্রশ্ন: আপনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু না হয় তবে সাংবিধানিক ধারাবাহিকতায় ছেদ হওয়ার আশঙ্কা থেকে যায়। আপনারা সব সময় বলে আসছেন ৭২’র সংবিধান পুনর্বহাল করতে হবে। ৭২ এর সংবিধানে তত্ত্ববধায়ক সরকারের বিধান ছিলো না। বর্তমান প্রধানমন্ত্রী সাংবিধানিক ধারবাহিকতা রক্ষা করতে সবাইকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন। আবার আপনারা ২ মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে বলেছেন। বিষয়টা কি সাংঘর্ষিক হচ্ছে না?
সেলিম: না, এখানে সাংবিধানিক প্রশ্নও আছে, রাজনৈতিক প্রশ্নও আছে। দুটোকে মিলিয়ে দেখতে হবে। আপনি একবার এক যুক্তি দেবেন আরেকবার সেই যুক্তির বিরুদ্ধে যাবেন সেটা ঠিক হয় না। ৭২ এর সংবিধানের প্রসঙ্গটা আওয়ামী লীগের গত নির্বাচনের ইশতেহারে ছিলো না। কোর্ট যখন বললো ৫ম সংশোধনী অবৈধ তখন বিষয়টা উঠে আসলো। কিন্তু প্রয়োজনের তাগিদে, কোর্ট বলেছে যদিও এটা অবৈধ তবে বাস্তব বিবেচনায় সেটা মাফ করে দিলাম। ৪র্থ সংশোধনীর ক্ষেত্রেও এটা ছিলো। এরকম ২-১টা পয়েন্টে রেখে কোর্ট বললো যে ৭২’র সংবিধান পুনর্স্থাপিত হবে। সেটা ছাপাও হয়েছিলো মাত্র ৩০০ কপি। আইনমন্ত্রীও বললেন, বিরাট কাজ হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হলো, কোর্ট কিভাবে সংবিধানের ব্যাপারে অ্যামেন্ডমেন্ট করে। সুতরাং কোর্টের সিদ্ধান্ত আমরা মানবো না। কিন্তু আমরা পাল্টা যুক্তি দিয়ে বলেছিলাম, কোর্টতো সংশোধন করে নাই। বরঞ্চ সমারকি ফরমান জারি করে জিয়াউর রহমান যে ৫ম সংশোধনী করেছিলো সেইটা যে আইনীভাবে করা হয়নি সেটা পরিস্কারভাবে বলা হয়েছে। আর একটা প্রশ্ন উঠেছিলো সংবিধানের ব্যাপারে জনপ্রতিনিধিরা সার্বভৌম না কোর্ট? আমরা বলেছিলাম ৭২ সালের সংবিধান রচনা করেছিলো গণপ্রতিনিধিরা। কোর্ট জনপ্রতিনিধিদের সার্বভৌম ক্ষমতা খর্ব করে নাই, বরং বলেছে ৭২’র সংবিধান পুনর্স্থাপিত করা হোক।
কিন্তু ৫ম সংশোধনী নিয়ে একেবারে শেষ মুহূর্তে যেয়ে তারা তত্ত্বাধায়ক সরকারের বিষয়টা যুক্ত করলো। সংসদীয় কমিটিও সবার সঙ্গে আলোচনা করলো। সবাই বললো এটা থাকা উচিত তবে কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে। কিন্তু শেষ মুহূর্তে সেটা বাতিল হলো। বললো-কোর্ট বলেছে তাই বাতিল করা হলো। কিন্তু পরের কথা বললো না যে, সংসদ চাইলে দুই মেয়াদে রাখতে পারে।
প্রশ্ন: কিন্তু পরেতো বলা হলো, সংসদ চায় নাই।
সেলিম: না, সেটাতো সংসদে প্লেস হয় নাই। কোনো ডিবেট হয় নাই। এমনকি পাবলিক ডিবেটও হয়নি।
প্রশ্ন: বিএনপিকে আহ্বান জানানোর পরও তারা কিন্তু ওই কমিটিতে অংশ নেয় নাই।
সেলিম: বিএনপি খুবই অন্যায় করেছে। তারা সরকারকে ল্যাঙ মারতে চেয়েছে। নরমাল প্রসেসে ইলেকশন করে জিতে আসতে পারবে সে ব্যাপারে তাদের নিশ্চয়তা নেই। এজন্য তারা সবসময় একটি ক্রাইসিস সিচুয়েশন তৈরি করে সরকারকে নাজেহাল করার জন্য চেষ্টা করে। তারা বিরোধী দল হিসেবে ব্যর্থ। সরকার যেমন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ।
এগুলো নিয়ে অনেক তর্ক করা যায়। কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো, আমাকেতো নির্বাচন করতে হবে। গণতান্ত্রিক ধারাবাহিকতা টিকিয়ে রাখতে হবে। টিকিয়ে রাখতে হলে সকলের অংশগ্রহণে একটি নির্বাচন নিশ্চিত করতে হবে। সেটার জন্য যদি আমরা গ্রহণযোগ্য ফর্মুলায় উপনীত হতে না পারি তাহলে সমস্ত ব্যাপারটাই বিনষ্ট হওয়ার পথে চলে যেতে পারে। এই দায়িত্ববোধ থেকে প্রধানবিরোধী দল বিএনপি এবং সরকারি দল আওয়ামী লীগের একান্তভাবে উচিত একটা সমাধানে পৌঁছানো।
...৭২’র সংবিধানে আছে অন গোয়িং গভার্নমেন্ট উইল কনটিনিউ ইন পাওয়ার। এটা একবারমাত্র ৭৩ সালে নির্বাচনের সময় প্রয়োগ করা হয়েছিলো। তারপরে সেটা প্রয়োগ করার সুযোগ হয়নি। এখন কথা হচ্ছে নরমাল টাইমের মন্ত্রিসভা আর এখনকার মন্ত্রিসভা কি এক? সরকারই বলছে, এটা রাষ্ট্রপরিচালনার মন্ত্রিসভা নয়। এইটা নির্বাচনকালীণ মন্ত্রিসভা। রুটিন কাজ করবে এই মন্ত্রিসভা। এখন এই কথাটা যদি সংবিধানে ঢুকিয়ে দেয়া যায়। তাহলে পরে একটা সমাধানসূত্র আমরা বের করে আনতে পারি। সেটা এমন হতে পারে, আমরা দেশের মধ্যে দুই ধরণের সরকারকে ডিফাইন করলাম। একটা হলো নরমাল টাইমের সরকার আরেকটা নির্বাচনকালীন সরকার। প্রথমটার দায়িত্ব যতটা সম্প্রসারিত হবে দ্বিতীয়টার ততটা কম হবে ইনক্লুডিং প্রধানমন্ত্রী। এইটা যদি করা যায়, তাহলে সমাধানের সূত্র খুঁজে বের করা যেতে পারে। সংবিধান বহাল রেখেও সমাধান সম্ভব না এমন আমি মনে করি না।
প্রশ্ন: তাহলে আবার প্রশ্ন উঠবে নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবে?
সেলিম: যেই হোক ইট ডাজন্ট ম্যাটার। কারণ ওই গভর্নমেন্ট নন ফাকশনিং। সংবিধানে যদি থাকে ওই প্রধানমন্ত্রী নন ফাকশনিং... এটা সংবিধানে থাকলে হবে। এই যে রেজিগনেশন, প্রেসিডেন্ট বললেন চালিয়ে যাও এ নিয়ে যে বিতর্ক সেগুলো থাকবে না। এটা আমার আলাদা কোনো প্রস্তাব নয়; আমি ভাবার জন্য বলছি। সমাধানের একটা পথ হতে পারে। টেবিলে বসলে এরকম ভালো প্রস্তাব দশটা-বিশটা চলে আসতে পারে। এখন সমাধানের সদিচ্ছা যদি না থাকে তবে এধরণের চেষ্টা কেউ করবে না।
প্রশ্ন: মিনিংফুলের দলের উদাহরণ দিয়েছেন বিএনপিকে দিয়ে। আবার জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচিতে সিপিবি অংশ নিয়েছিলো। এদুটোকে মিলিয়ে কিছু মহলে প্রশ্ন উঠছে। আপনারা কি মনে করেন বিএনপি প্রধান ফ্যাক্টর।
সেলিম: না আমরা বিএনপি এবং আওয়ামী লীগ দুটারই বিরুদ্ধে। কিন্তু একটা গ্রহণযোগ্য অর্থবহ নির্বাচন করতে হলে, এই মুহূর্তে যদি হয়, যখন এ দলগুলো ছোট হয়ে যাবে আমরা বড় হবো তখন আমাদের ভাষা ও ডিমান্ড চেঞ্জ হয়ে যাবে। আমি চাই আর না চাই এই মুহূর্তে দেশবাসীর দুর্ভাগ্য তারা দুইদলে পোলারাইজড হয়ে আছে। সুতরাং একটা অর্থবহ নির্বাচন হতে হলে দুটো দলের অংশগ্রহণ অপরিহার্য। আজকে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে কিন্তু আমরা বলবো এটা মিনিংফুল ইলেকশন হবে না। আলাদা করে আওয়ামী লীগ বা বিএনপির প্রতি বিশেষ কোনো ভালোবাসা নেই। ডেমোক্রেটিক রাইট স্টাবলিশ করতে হলে এই মুহূর্তে দুই দলের অংশগ্রহণ দরকার। কিন্তু তারা ঝগড়া করলে আমাদের গণতান্ত্রিক অধিকার হুমকির মধ্যে পড়ে। এজন্যই আমরা এটা বলছি। আর যারা এ ধরণের ইন্টারপ্রিট করে তা ভুলে যায়, ১৯৯৬ সালে আমরা বলেছিলাম সকলের অংশগ্রহণ। তখন কিন্তু আমাদের বলা হয়েছিলো, তার মানে কি আপনারা আওয়ামী লীগ না আসলে যাবেন না।
আরেকটা যুক্তি দেখানো হয়, জামাতকে দূর করার এটা একটা সুযোগ। জামাততো এই নির্বাচনে আসবে না তাহলে কেন আমরা নির্বাচন বর্জন করছি। সেক্ষেত্রে বলতে চাই তাহলে আমাদের ওপর এত বিষোদগার কেন? সিপিবি ভোটে না গেলে পরে বরঞ্চ তাদের সুবিধা। আর সিপিবি যদি যায় বা যেতো তাহলে আমরা আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে লড়বো। তখন তারা কি বলবে? যখন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করি তখন বলে, এই দেখো আওয়ামী লীগের ভোট নষ্ট করছে। আর যখন যাই না তখন বলে, এই দেখো আওয়ামী লীগকে বেকায়দায় ফেলার জন্য যাচ্ছি না। তারমানে তারা বলতে চায় আমরা সাইনবোর্ড উঠিয়ে আওয়ামী লীগে যোগ দেবো। তাদের এই আশা কোনোদিন পূর্ণ হবে না।
প্রশ্ন: আপনারা দীর্ঘদিন ধরে বাম বিকল্প শক্তির গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন। জোটও করেছেন। একইসঙ্গে উদার গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে চলতে চাচ্ছেন। শনিবার মাহমুদুর রহমান নাগরিক ঐক্যের সঙ্গের কর্মসূচি পালন করেছেন। সাথে গণফোরাম ছিলো। তাহলে কি ওই বিকল্প জোটের দিকে এগোচ্ছেন? মানে সিপিবি-বাসদ-নাগরিকঐক্য-গণফোরাম একসঙ্গে জোট করছেন?
সেলিম: গতকালের প্রোগ্রামটা ছিলো যুগপৎ কর্মসূচি। এসব ইস্যু নিয়ে তারাও কাজ করছে সেখানে ড.কামালও গিয়েছিলেন। কমন ইস্যু নিয়ে একসঙ্গে কর্মসূচি পালন করে একসঙ্গে মিছিল করি। এই ধারাটাকে আমরা আরো বিকশিত করতে চাই। প্রথমত আমরা বামপন্থীদৈর ঐক্যবদ্ধ করতে চাই। সিপিবি-বাসদের বাইরে যারা আছে তাদেরকে এবং ১৪ দলেল ভেতরের বামপন্থীদেরও আমন্ত্রণ জানিয়েছি। এই প্রয়াস অব্যাহত থাকবে।
আমরা সব বামপন্থী মিলেও হয়তো আওয়ামী লীগ-বিএপির বিকল্প হতে পারবো না। সেজন্যেই আমরা উদারগণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তিকে আহ্বান জানিয়েছি। সকলকে নিয়েই আমরা গণতান্ত্রিক গণমোর্চা গড়ে তুলতে চাই। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের মতো।
