২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের পথ খুলবে বিএনপি নেতাদের মুক্তি: বি. চৌধুরী

সংলাপের পরিবেশ তৈরির জন্য বিএনপি নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 07:41 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির আন্দোলনের মধ্যে দলের শীর্ষ পর্যায়ের কয়েকজনকে গ্রেপ্তারের পর চলমান সংঘাত-সহিংসতার প্রেক্ষাপটে রোববার এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

বি চৌধুরী বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নির্বাচনে বিরোধী দলকে চাওয়ার সদিচ্ছা যদি সরকারের থাকে, তা হলে উচিত হবে এই মুহূর্তে রুহুল কবি রিজভীসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাহার করে তাঁদের নিঃশর্ত মুক্তি দেয়া।

“এতে আলোচনা অথবা সংলাপের পথ উন্মুক্ত হবে,” বলেন সাবেক এই রাষ্ট্রপতি।

“আমি লক্ষ্য করেছি, গত শনিবার একজন নির্বাচন কমিশনার বলেছেন, যদি বিরোধী দল এবং সরকারের মধ্যে সমঝোতা হয়, তা হলে পুনরায় নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হবে।”

“আমি মনে করি, কথা এবং কাজে যদি সামঞ্জস্য থাকে, তা হলে এই মুহূর্তে দেশে শান্তি রক্ষা এবং গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করে দেশে গণতান্ত্রিক নেতৃত্বের নজীর স্থাপন করবেন।”

বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা বি চৌধুরী নয়া পল্টনে তার সাবেক দলের প্রধান কার্যালয়ে পুলিশি অভিযানেরও নিন্দা জানান।

“পুলিশ বিএনপির প্রধান কার্যালয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে, জানালার গ্রিল কেটে দলটির চেয়ারপারসন, মহাসচিবসহ অন্যান্য নেতাদের কক্ষের তালা ভেঙে প্রবেশ করেছে। যেভাবে ঘরের আসবাবপত্র তছনছ করে রুহুল কবির রিজভীসহ দুজনকে গ্রেপ্তার করেছে, তা কোনো রাজনৈতিক সরকারের জন্য শোভনীয় হয়নি।”