২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যালয় থেকে গ্রেপ্তার রিজভী কারাগারে

বিরোধী দলের অবরোধের আগ মুহূর্তে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের ভেতরে ঢুকে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 07:11 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

পুরনো খবর:

‘বিএনপি কার্যালয়ে অভিযান গণতন্ত্রের ওপর পদাঘাত’
বিএনপি কার্যালয় ‘তছনছ’

শনিবার ভোরে আটক বিএনপির এই যুগ্মমহাসচিবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে বিকালে আদালতে নেয়া হয়।

প্রয়োজনীয় কাগজপত্র না পেয়ে শুনানির জন্য ৪ ডিসেম্বর দিন রেখেছে আদালত। রিজভীর পক্ষে জামিন আবেদন হলে তাও তাৎক্ষণিকভাবে গ্রহণ না করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বেশ কিছুদিন ধরে দলীয় কার্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ভেতরে অবস্থানকারী রিজভীকে গ্রেপ্তারের জন্য খুব ভোরে অন্ধকার কাটার আগের সময়টি বেছে নেয় পুলিশ।

পুলিশের কয়েকজন সদস্য রশি ও মই বেয়ে দলীয় কার্যালয়ের দোতলায় দিয়ে ঢুকে আটক করে রাকসুর সাবেক এই ভিপিকে।

তখন কার্যালয়ে ভাংচুর চালানো হয় বলেও অভিযোগ করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এই ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর পদাঘাত’ বলে মন্তব্য করেছেন।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির চার সদস্য, চেয়ারপারসনের দুই উপদেষ্টা, এক সাংগঠনিক সম্পাদকের পর এবার কারাগারে গেলেন যুগ্ম মহাসচিব রিজভী।

রিজভীকে আটকের দিনই বিএনপিকে নির্বাচনকালীন সরকারে যোগ দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ইঙ্গিত দিয়েছেন, সমঝোতা হলে বিরোধী দলের নেতারাও মুক্তি পাবেন।

বিরোধী দলের গত সপ্তাহের ৭১ ঘণ্টার অবরোধের শেষ দিন শাহবাগে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার ঘটনায় যে মামলাটি করেছে পুলিশ, সেই মামলায় রিজভীকেও আসামি করা হয়।

পুলিশি বেষ্টনির মধ্যে প্রায়শূন্য বিএনপি কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ এবং অফিসকর্মীদের নিয়ে কার্যালয়ে অবস্থান করে আসছিলেন রিজভী।

হরতালের সময়গুলোতে নিচে অফিসের ফটকে চেয়ার নিয়ে তাকে বসতে দেখা গেলেও সম্প্রতি তা দেখা যায়নি।

ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতিতে কার্যালয়ের ভেতরে নিয়মিত সংবাদ সম্মেলন করে কর্মসূচি জানিয়ে আসছিলেন এই যুগ্মমহাসচিব, অংশ নিচ্ছিলেন বিভিন্ন টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানেও।

সর্বশেষ শুক্রবার রাতে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংবাদ সম্মেলন করেন রিজভী। এরপর ভোরে ঘুমন্ত অবস্থা থেকে তাকে তুলে নেয়া হয় বলে বিএনপির অফিসকর্মীরা জানিয়েছেন।

মই-রশি বেয়ে পুলিশি অভিযান

গত ৮ নভেম্বর মওদুদ আহমদসহ স্থায়ী কমিটির তিন সদস্যকে আটকের পর কার্যালয়ের বাইরে সর্বশেষ দেখা গিয়েছিল রিজভীকে।

ওই রাতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে  নয়া পল্টনের কার্যালয়ে ঢোকেন তিনি, ঢোকার আগে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছিল বলে তখন অভিযোগ করেছিলেন এই নেতা।

এরপর পুলিশি বেষ্টনির মধ্যে কার্যালয়ের ভেতরে ছিল রিজভীর অবস্থান। নিরাপত্তা বাড়াতে দুদিন আগে কার্যালয়ের কলাপসিবল গেইটের ভেতরে আরেকটি শাটারও লাগানো হয়।

তবে গোয়েন্দা পুলিশের একটি দল ভোর সোয়া ৪টার দিকে গেইট এড়িয়ে মই ও রশি বেয়ে দোতলা দিয়ে ঢোকে প্রধান বিরোধী দলের কার্যালয়ে।  

বিএনপি অফিসের স্টোর কিপার  আবদুল গাফফার সাংবাদিকদের বলেন, “নিচ থেকে মই ও রশি বেয়ে দ্বিতীয় তলার দরজা ভেঙে সাদা পোশাকের পুলিশের একটি দল বিল্ডিংয়ে ঢোকে।”

রিজভী ছিলেন তৃতীয় তলায়, দলের দপ্তর কার্যালয় লাগোয়া একটি কক্ষে থাকতেন তিনি, অভিযানের সময় তিনি ঘুমাচ্ছিলেন।

গাফফার বলেন, “রিজভী স্যারকে প্যান্ট পর্যন্ত পরতে দেয়া হয়নি। তাকে লুঙ্গি পরা অবস্থায় পুলিশ জোর করে তুলে নিয়ে যায়। তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।”

সকালে ওই কক্ষে গিয়ে দেখা যায়, রিজভীর সব সময়ের ব্যবহৃত লাঠিটি পড়ে আছে। তার কাপড়-চোপড়ও মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে আছে এলোমেলোভাবে।

বিএনপি কার্যালয়ের কর্মীরা অভিযোগ করেছেন, পুলিশের দলটি প্রথমে দ্বিতীয় তলায় চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কক্ষের দরজা ভেঙে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। ভাংচুর করা হয় তৃতীয় তলায় মহাসচিবের কক্ষও, যাতে মির্জা ফখরুল বসেন।

রিজভী ও বেলালকে আটকের পর একটি মাইক্রোবোসে তুলে নেয় পুলিশ, যা গিয়ে থামে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে।

পুলিশের নিরবতা

রিজভীকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে শুরুতে কিছুই বলছিল না পুলিশ। মুখ খোলেনি অভিযানের বিষয়েও।

আটকের প্রায় সাত ঘণ্টা পর ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহবাগের গাড়ি পোড়ানোর মামলায় রিজভী আসামি হওয়ায় ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আব্দুল আউয়াল মিন্টু, শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটকের পর দীর্ঘ সময় পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে তাদের হরতালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

আবু ইউসুফের বক্তব্যের ঘণ্টা খানেক পর মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, শাহবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে রিজভীকে।

ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন জানিয়ে বিএনপি নেতাকে দুপুরের পর ঢাকার আদালতে নেয়া হবে বলেও জানান তিনি।

বিএনপি কার্যালয়ে অভিযানের সময় একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শফিক আহমেদ ও জি-টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক গাউসুল আজম বিপু সেখানে ছিলেন। তাদের একটি কক্ষে আটকে রাখা হয়।

এছাড়া ভিডিও ধারণের সময় ‘সময় টেলিভিশন’ ও ‘একাত্তর টেলিভিশনের’ ক্যামেরাও পুলিশ কেড়ে নিয়ে ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে এসব বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আদালতে শুনানি, তার আগে বিস্ফোরণ

সবুজ রঙের ওপর হলুট স্ট্রাইপের পাঞ্জাবি পড়া রিজভীকে বিকাল ৪টার দিকে নেয়া হয় পুরান ঢাকার আদালতপাড়ায়। তার মামলার শুনানি হয় ঢাকা মহানগর হাকিম এসএম আশিকুর রহমানের আদালতে।

আদালতে শুনানি শুরুর পরপরই সোয়া ৪টার দিকে মুখ্য হাকিম আদালতের প্রবেশপথে একে একে পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। তবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে সংঘটিত হাতবোমা বিস্ফোরণের জন্য বিরোধী দলের কর্মীদের দায়ী করেছে পুলিশ।

হাতবোমার বিস্ফোরণ যখন ঘটে, তখন গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় শাহবাগ থানার পরিদর্শক এমএ জলিল বিএনপি নেতাকে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদনের শুনানি করছিলেন।

রিমান্ডের পক্ষে যুক্তি দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদুল হক শিহাব বলেন, শাহবাগে গাড়িতে আগুন দেয়ার ঘটনায় ব্যবহৃত পেট্রোল বোমার উৎস এবং কারা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা জানতে রিজভীকে পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আসামি পক্ষে অনেক আইনজীবীর মধ্যে শুনানিতে দাঁড়ান বিএনপির আইনজীবীদের নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও বোরহানউদ্দিন। তারা রিজভীর জামিন চেয়ে আবেদন করেন।

ছাত্রদলের সাবেক সভাপতি রিজভীর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের সহসভাপতি থাকার কথা তুলে ধরে তারা বলেন, তিনি অসুস্থ্, কার্যালয়ে বসে ব্রিফিংয়ের কাজটিই তিনি করেন। বিরোধী দলের কর্মসূচি চলাকালে সারা দেশে হতাহতদের তালিকা প্রকাশ করতেন।

“রিজভী কোনো ধরনের নাশকতা কিংবা উস্কানির সঙ্গে তিনি জড়িত নন এবং মামলার আসামিদের তালিকায় তার নাম ছিল না,” বলেন সানাউল্লাহ মিয়া।

বিচারক সব আবেদন শোনার পর প্রয়োজনীয় কাগজপত্র (কেইস ডকেট) না পেয়ে রিমান্ডের আবেদনের শুনানি অসমাপ্ত রেখে আগামী ৪ ডিসেম্বর পরবর্তী দিন ঠিক করেন, রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন আবেদনের শুনানিও হবে সেদিন।

শুনানি চলাকালে আদালত কক্ষের বাইরে বিএনপি সমর্থক আইনজীবীদের ভিড় ছিল। তারা রিজভীর জামিনের দাবিতে স্লোগান দিতে থাকেন। এর মধ্যেই আদালত প্রাঙ্গণ থেকে রিজভীকে নিয়ে কারাগারের পথে রওনা হয় পুলিশের গাড়ি।

গ্রেপ্তারের প্রতিক্রিয়া

রিজভীকে গ্রেপ্তারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতের অন্ধকারে বিএনপি কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবৈধভাবে ঢুকে যুগ্ম মহাসচিবকসহ দুজনকে গ্রেপ্তার করেছে, কার্যালয় ভাংচুর চালিয়েছে।”

দুপুরে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বিএনপি সমর্থক পেশাজীবীদের একটি দল নয়া পল্টনে যায়।

বিএনপি কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখে খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, “আজ  এখানে এসে গণতন্ত্রের নামে যা দেখলাম, তা বর্বর সমাজেও সম্ভব নয়।

“সংসদের বিরোধীদলীয় নেতার বসার চেয়ার ও দলের ভারপ্রাপ্ত মহাসচিবের বসার চেয়ার যেভাবে ভেঙে ফেলা হয়েছে, এটা গণতন্ত্রের প্রতি পদাঘাত করা হয়েছে। আমরা এহেন ঘটনার নিন্দা জানাই।”

এই প্রতিনিধি দলটি বিএনপি কার্যালয়ের সামনে এসে প্রধান ফটকের সামনে গেলে গোয়েন্দা পুলিশ সদস্যরা প্রথমে তাদের ঢুকতে বাধা দিয়েছিল, কিছুক্ষণ বদানুবাদের পর তারা ঢোকেন।

দ্বিতীয় তলায় বারান্দার দিয়ে ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে খন্দকার মাহবুব বিএনপি কার্যালয়ের কর্মীদের কাছ থেকে পুলিশি অভিযানের বিবরণ শোনেন।

পুলিশ দ্বিতীয় ও তৃতীয় তলার আটটি কক্ষের আসবাবপত্র ও দরজা ভাঙে, দপ্তরের দুটি কস্পিউটারের হার্ড ডিস্ক, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ অর্থ, রিজভীর ল্যাপটপ ও কয়েকটি মোবাইলে সেট নিয়ে গেছে বলে তাকে জানানো হয়।

রিজভীর অনুপস্থিতিতে দলীয় মুখপাত্রের দায়িত্ব পালনকারী সালাহউদ্দিন বলেন, “দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয়ে ঢুকে পুলিশের এই বর্বরতায় আওয়ামী লীগের পুরনো সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা এ ধরনের অবৈধ কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি।”

গত মে মাসে বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের সময়ও আসবাবপত্র, দরজা ভাংচুরের কথা স্মরণ করিয়ে দেন তিনি।

সেবার রিজভী গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে মুখপাত্রের দায়িত্বে এসেছিলেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন। তার কিছুদিন বাদে গ্রেপ্তার হন তিনিও।  শাহবাগের মামলায় তিনিও আসামি।

সরকারকে হুঁশিয়ার করে সালাহউদ্দিন বলেন, “গণআন্দোলনের তীব্রতা দেখে সরকার অতিমাত্রায় ভীত হয়ে দমন-পীড়ন, হামলা-মামলা, হত্যা-গ্রেপ্তার চালিয়ে শেষ রক্ষা পেতে চায়।

“কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, সব স্বৈরাচারের পতন হয়েছে গণআন্দোলনের মুখে।”