২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি কার্যালয়ে অভিযান গণতন্ত্রের ওপর পদাঘাত’

বিএনপি কার্যালয়ে পুলিশি অভিযানকে গণতন্ত্রের ওপর ‘পদাঘাত’ বলে মন্তব্য করেছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার দুপুরে নয়া পল্টনে প্রধান বিরোধী দলের কার্যালয়ে যায় তার নেতৃত্বে পেশাজীবীদের একটি প্রতিনিধি দল। ভোরে যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের সময় পুলিশ কার্যালয় তছনছ করে বলে বিএনপির অভিযোগ।

বিএনপি কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখে খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, “আজ  এখানে এসে গণতন্ত্রের নামে যা দেখলাম, তা বর্বর সমাজেও সম্ভব নয়।

“সংসদের বিরোধীদলীয় নেতার বসার চেয়ার ও দলের ভারপ্রাপ্ত মহাসচিবের বসার চেয়ার যেভাবে ভেঙে ফেলা হয়েছে, এটা গণতন্ত্রের প্রতি পদাঘাত করা হয়েছে। আমরা এহেন ঘটনার নিন্দা জানাই।”

পেশাজীবী প্রতিনিধি দলে ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বর্তমান সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়া, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

বেলা ১২টা ৫০ মিনিটে এই প্রতিনিধিদলটি বিএনপি কার্যালয়ের সামনে এসে প্রধান ফটকের সামনে গেলে গোয়েন্দা পুলিশ সদস্যরা প্রথমে তাদের ঢুকতে বাধা দিয়েছিল।

কিছু ক্ষণ বদানুবাদের পর পুলিশ কলাপসিবল গেইটটি খুলে দিলে সাংবাদিকদের সঙ্গে নিয়ে বিএনপি কার্যালয়ে ঢোকেন মাহবুব ও তার সঙ্গীরা।

দ্বিতীয় তলায় বারান্দার দিয়ে ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে খন্দকার মাহবুব বিএনপি কার্যালয়ের কর্মীদের কাছ থেকে ভোরের পুলিশি অভিযানের বিবরণ শোনেন।

তাকে জানানো হয়, মই ও রশি বেয়ে দোতলায় উঠে দরজা ভেঙে পুলিশ সদস্যরা কার্যালয়ে ঢোকে। তারপর দ্বিতীয় ও তৃতীয় তলায় বিভিন্ন কক্ষ ভাংচুর করে। এরপর রুহুল কবির রিজভী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেলাল আহমদকে আটক করে নিয়ে যায়।  

খন্দকার মাহবুব বলেন, “আমরা যা আজ দেখেছি, তাতে আমরা লজ্জিত। একাত্তরের আমরা এরকম ঘটনা দেখেনি। এরকম দমন নীতির করে সাময়িকভাবে ক্ষমতায় থাকা যাবে কিন্তু এর পরিণতি ভালো হবে না।”

বিরোধী দলের অবরোধে রাজপথে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের জন্য সরকারের ‘বিশেষ বাহিনীকে’ দায়ী করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।

তিনি দাবি করেন, ‘একতরফা’ নির্বাচনের বিরুদ্ধে জনগণ ‘স্বেচ্ছায়’ অবরোধ কর্মসূচি পালন করছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে মাহবুব বলেন, “একমাত্র প্রধানমন্ত্রীর পদত্যাগই চলমান সঙ্কটের অবসান হতে পারে। প্রধানমন্ত্রীকে বলব, আপনি পদত্যাগ করে নির্বাচনের ব্যবস্থা নিন।”

নয়া পল্টনের কার্যালয়ে পুলিশি অভিযানের সময় কর্তব্যরত সাংবাদিকদের লাঞ্ছিত করার নিন্দা জানান রুহুল আমিন গাজী।

“এভাবে সাংবাদিকদের ওপর পুলিশি হামলা ও একটি বৃহৎ রাজনৈতিক দলের কার্যালয়ে ভাংচুর ও তছনছের ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভাংচুরের মাত্রা দেখে মনে হয়েছে, পুলিশ এখানে এসে মাস্তানি করেছে।”

পেশাজীবী ও সাংবাদিকদের বিএনপি কার্যালয়ে ঢুকতে বাধা দেয়ার নিন্দা জানানোর পাশাপাশি রিজভী ও বেলালের নিঃশর্ত মুক্তি দাবি করেন এই সাংবাদিক নেতা।

এদিকে সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক এক বিবৃতিতে দলীয় কার্যালয় ভাংচুর এবং রুহুল কবির রিজভী ও বেলাল আহমেদকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন,“এভাবে গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে নির্দলীয় সরকারের আন্দোলন রোখা যাবে না। সরকারকে বলব, এখনো সময় আছে- দমননীতি পরিহার করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দিন। নইলে রাজপথেই এর ফয়সালা হবে।”

পুরনো খবর:

বিএনপি কার্যালয় ‘তছনছ’
রিজভী কারাগারে, রিমান্ডের শুনানি ৪ ডিসেম্বর