বিএনপি কার্যালয় ‘তছনছ’
রুহুল কবির রিজভীকে আটকের সময় নয়া পল্টনের কার্যালয় তছনছ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিরোধী দলের ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি শুরুর ঘণ্টা খানেক আগে শনিবার ভোরে ভেতর থেকে তালা দেয়া বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে দলটির যুগ্মমহাসচিব রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ।
বিএনপি অফিসের কর্মীরা জানিয়েছেন, মই ও রশি বেয়ে বেয়ে দোতলার দরজা ভেঙে ঢুকে রিজভীকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যায় পুলিশ। তাকে প্যান্টও পরতে দেয়া হয়নি, লুঙ্গি পরা অবস্থায় তাকে মাইক্রোবাসে তোলা হয়।
রিজভীর সঙ্গে কার্যালয়ে থাকা বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকেও আটক করে গোয়েন্দা পুলিশ।
রিজভীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতের অন্ধকারে বিএনপি কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবৈধভাবে ঢুকে যুগ্ম মহাসচিবকেসহ দুজনকে গ্রেপ্তার করেছে, কার্যালয় ভাংচুর চালিয়েছে।”
সোয়া ৪টার দিকে বিএনপি কার্যালয়ের ভেতরে ঢোকে পুলিশ। সকালে কার্যালয়ে গিয়ে দেখা যায়, দ্বিতীয় ও তৃতীয় তলার আটটি কক্ষের আসবাবপত্র ও দরজা ভাঙ্গা।
দপ্তরের দুটি কস্পিউটারের হার্ড ডিস্ক, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ অর্থ, রিজভীর ল্যাপটপ ও কয়েকটি মোবাইলে সেট পুলিশ নিয়ে গেছে বলে অফিসকর্মীরা জানিয়েছেন।
অফিসের স্টোর কিপার আবদুল গাফফার সাংবাদিকদের বলেন, “নিচ থেকে মই ও রশি বেয়ে দ্বিতীয়তলার দরজা ভেঙে সাদা পোশাকের পুলিশের একটি দল বিল্ডিংয়ে ঢোকে। তারা প্রথমে দ্বিতীয় তলায় ম্যাডাম (খালেদা জিয়া) ও তারেক রহমানের কক্ষের দরজা ভেঙে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে।
“এরপর পুলিশ তৃতীয় তলায় দপ্তর কার্যালয় ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেম্বারের কক্ষের দরজা ভেঙে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। ভারপ্রাপ্ত মহাসচিবের চেয়ার টেবিলও তারা ভাংচুর করে।”
সকাল সাড়ে ১০টায় কার্যালয়ে ঢুকে দেখা যায়, দ্বিতীয় তলায় বিএনপি চেয়ারপারসনের চেম্বারের তার বসার চেয়ারটি উল্টানো অবস্থায় পড়ে রয়েছে। সোফাগুলো সব এলোমেলা। মূল টেবিলের ড্রয়ারগুলো খোলা, কাগজপত্র বাইরে পড়ে আছে। একই অবস্থা তারেক রহমানের কক্ষটিরও।
দ্বিতীয় তলায় ভারপ্রাপ্ত মহাসচিবের চেম্বারের আসবাপত্রগুলো সব এলোমেলা অবস্থায় দেখা যায়। সেখানে একটি বিশ্রাম কক্ষ রয়েছে, তার বিছানার চাদরও নিচে পড়ে আছে। সেখানে থাকা তারেক রহমানের প্রতিকৃতিটি ভাঙা অবস্থায় দেখা গেছে।
মহাসচিবের কক্ষে পাশের সংবাদ ব্রিফিং কক্ষের চেয়ার ও টেবিল ফ্যানগুলো এলোমেলোভাবে পড়ে থাকতে দেখা গেছে।
সবচেয়ে বেশি খারাপ অবস্থা দেখা যায় বিএনপির দপ্তর কার্যালয়। এর প্রধান ফটকটি কাচের গ্লাসের তৈরি, তা ছিল ভাঙা। ফ্যাক্স মেশিন ও কম্পিউটার ভাংচুর অবস্থায় দেখা যায়।
সালাহউদ্দিন বলেন, “দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয়ে ঢুকে পুলিশের এই বর্বরতায় আওয়ামী লীগের পুরনো সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা এ ধরনের অবৈধ কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি।”
গত মে মাসে বিএনপি কার্যালয় থেকে রুহুল কবির রিজভীকে আটক করে নিচ্ছে পুলিশ।
দপ্তর কার্যালয়ে রিজভীর সব সময়ের ব্যবহৃত লাঠিটি পড়ে থাকতে দেখা গেছে। তার কাপড়-চোপড়ও মেঝেতে এলোমেলোভাবে পড়ে ছিল।
গাফফার বলেন, “রিজভী স্যারকে প্যান্ট পর্যন্ত পড়তে দেয়া হয়নি। তাকে লুঙ্গি পরা অবস্থায় পুলিশ জোর করে তুলে নিয়ে যায়। তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।”
অভিযানের সময় একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শফিক আহমেদ ও জি-টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক গাউসুল আজম দীপু সেখানে ছিলেন। তাদের একটি কক্ষে আটকে রাখা হয়।
এছাড়া ভিডিও ধারণের সময় ‘সময় টেলিভিশন’ ও ‘একাত্তর টেলিভিশনের’ ক্যামেরাও পুলিশ কেড়ে নিয়ে ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
রিজভী ও বেলালকে গ্রেপ্তারের পর থেকে বিএনপির কার্যালয়ে কোনো নেতা-কর্মী নেই।
অফিস সুপারিটেনডেন্ট মো. দলিল উদ্দিন, তত্ত্বাবধায়ক রুস্তম আলী, অফিস স্টাফ রফিকুল ইসলাম, শামীম হোসেন, আবু সাঈদ মো. আজাদ, নুর আলম লিটন ও স্টোর কিপার গাফফার রয়েছেন কার্যালয়ে। কার্যালয়ের বাইরে পুলিশের অবস্থান রয়েছে।
