নির্বাচন কমিশন নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ: সিপিবি
সংঘাতময় পরিস্থিতির মধ্যে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে বলে সিপিবি-বাসদের পক্ষ থেকে বলা হয়েছে।
বৃহস্পতিবার পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাম দল দুটির নেতারা বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে সেই নির্বাচনে তারা অংশ নেবেন না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, “নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সব দলের অংশগ্রহণ নিশ্চিত না করে সংঘাতময় পরিস্থিতির মধ্যে এমনভাবে তফসিল ঘোষণা করেছে যাতে তাদের পক্ষপাতমূলক আচরণ জনমনে সংশয় সৃষ্টি করেছে।”
বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করলে সে নির্বাচন ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সকলের অংশগ্রহণভিত্তিক নির্বাচন করতে হবে।
“আমরা মনে করি জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, সব দল বলতে মনে করি মিনিংফুল দল।”
বিএনপিই নির্বাচনে মূল প্রতিপক্ষ বলে মন্তব্য করে সেলিম বলেন, “গত নির্বাচনে বিএনপি পেয়েছে ৩৪ শতাংশ ভোট, বিগত সিটি করপোরেশন নির্বাচনে পেয়েছে ৫৭ শতাংশ ভোট।
“মূল প্রতিপক্ষকে বাদ দিয়ে নির্বাচন করলে তা ফলপ্রসূ হবে না।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে আন্দোলন করে আসছে সিপিবি-বাসদ।
নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই দলের পাল্টাপাল্টি অবস্থানে সৃষ্ট রাজনৈতিক সংকট থেকে উত্তরণে তাদের পক্ষ থেকে বেশ কয়েকবার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি প্রধান দুই নেত্রীর সঙ্গেও পৃথক বৈঠক করেছেন বাম দল দুটির নেতারা।
তবে নির্বাচনকালীন সরকার নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে এখনো কিছু বলেননি তারা।
