২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে বাস বন্ধ, ভোগান্তি

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে দূরপাল্লার পাশাপাশি নগর পরিবহনের বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 09:07 AM

Updated : 25 Apr 2022, 07:35 PM

মঙ্গলবার সকালে অবরোধ শুরুর পর রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

পোস্তগোলা ও বাবুবাজার ব্রিজ দিয়েও কোনো বাস যাওয়া আসা করছে না। তবে হিউম্যান হলার, অটোরিকশাসহ ছোট যানবাহন্ চলাচল করছে বলে যাত্রাবাড়ী থানার এস আই এমরানুল ইসলাম জানান।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের গাবতলী শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি গাবতলী ছেড়ে যায়নি। তবে লোকাল গাড়ি স্বল্প সংখ্যায় চলছে।”

সকালে গাবতলীতে রাস্তার দুই পাশে বহু বাস দাঁড় করিয়ে রাখা দেখা যায়। যাত্রীর সংখ্যাও ছিল একেবারেই কম।

যাত্রী কম থাকায় সদরঘাটেও অন্য দিনের তুলনায় তুলনামূলকভাবে কম লঞ্চ চলছে।

বিআইডিব্লিউটিসির টিআই মাহফুজুর রহমান জানান, দেশের দক্ষিণাঞ্চল থেকে আগের রাতে ছেড়ে আসা ৪৩টি লঞ্চ ভোরে ঢাকার সদরঘাটে ভেড়ে। আর সাড়ে ১১টা পর্যন্ত চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ছয়টি লঞ্চ।

সকালে সদরঘাটে পৌঁছে যানবাহন না পেয়ে অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়েন।  

বিরোধী দলের কর্মসূচির কারণে রাজধানীর প্রধান সড়কগুলোতে সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হলেও দিনের প্রথমভাগে গণপরিবহনের সংখ্যা ছিল একেবারেই কম। 

বিভিন্ন সড়কে অটোরিকশা, হিউম্যান হলার ও রিকশা চলাচল করলেও বাস না পেয়ে বিভিন্ন মোড়ে অফিসগামী যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বহু মানুষকে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা যায়।

লালবাগ পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আবদুস সালাম জানান, সকাল থেকে বিরোধী দলের কোনো মিছিল বা কোনো গোলযোগের খবর তিনি পাননি।

“কোনো ঝামেলার খবর এখনো পাইনি। বাস না চললেও ছোট পরিবহনে মানুষ চলাফেরা করছে।”

এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণ পরিবহনের সংখ্যা কিছুটা বাড়লেও দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।

মগবাজার মোড়ে গাজীপুর যাওয়ার বাসের জন্য অপেক্ষা করছিলেন বেলাল নামের এক ব্যবসায়ী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বলাকা বাস এই রাস্তায় প্রতি পাঁচ মিনিট পর পর আসে। আজ আধা ঘণ্টা অপেক্ষা করেও বাস পেলাম না।”

রাজনৈতিক কর্মসূচির কারনে ভোগান্তির মধ্যে পড়ে কাউকে কাউকে ক্ষোভ প্রকাশ করতেও শোনা যায়। 

নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের দিন রেখে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে সোমবার রাতে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ চলবে।

‘একরতফা’ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দেশ অচল করে দেয়ার হুমকি ছিল বিরোধী দলের।

তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় ১৮ দলের পক্ষে সংবাদ সম্মেলনে এসে বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, “একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন ও পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তা আমরা প্রত্যাখ্যান করছি।”

তফসিল ঘোষণার পরপরই রাজধানীসহ বিভিন্ন স্থানে বোমাবাজি ও গাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ শুরু হয়। ঢাকায় হুড়োহুড়ির মধ্যে বাসচাপায় নিহত হন এক রিকশাচালক। গভীর রাতে পাবনা রেলস্টেশনে দুটি ট্রেনে আগু্ন দেয় দুর্বৃত্তরা।

পুরনো খবর:

অবরোধের ডাক, তফসিল স্থগিতের দাবি বিএনপির
তফসিলের পরপরই সহিংসতা, নিহত ২