২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি নির্বাচনে গেলে কেন গাত্রদাহ: এরশাদ

জাতীয় পার্টির নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে তাকে ‘দুর্বল’ না ভাবার পরামর্শ দিয়েছেন এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 07:04 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

পুরনো খবর:

‘এরশাদ সাহেব ডিগবাজি দিয়ে শেষ হয়ে গেছেন’
আমার সময় নেই: এরশাদ

শনিবার বিজয় নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় যুব সংহতির এক সমাবেশে তিনি বলেছেন,“ আমি জনগণের সঙ্গে চুক্তিবদ্ধ, আপনাদের (বিএনপি) সঙ্গে নই। আমি নির্বাচনে গেলে আপনাদের এত গাত্রদাহ কেন?”

বিএনপি না গেলে জাতীয় পার্টিও যাবে না বলে এরশাদ বলে আসছিলেন। তবে সম্প্রতি তিনি দল ‘টিকিয়ে’ রাখতে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন।

এই সিদ্ধান্তের পর নজরুল ইসলাম খানসহ বিএনপির কয়েকজন নেতা জাতীয় পার্টির চেয়ারম্যানকে ‘ডিগবাজ নেতা’ বলে আখ্যায়িত করেন। গত বৃহস্পতিবার চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে এরশাদের পোস্টারে জুতার মালাও পরানো হয়।

বিএনপির আচরণে ক্ষোভ জানিয়ে এরশাদ বলেন, “ভয় দেখাবেন না। সংঘাতে বিশ্বাস করি না বলে আমাকে দুর্বল মনে করবেন না।

“আমারো লাখো কর্মী আছে। ইট মারলে পাটকেল খেতে হয়। পাটকেল কিভাবে ছুড়তে হয় তা আমরা জানি।”

“কাকে ভয় দেখান? কিসের ভয় দেখান? আপনারা মানুষ পুড়িয়েছেন শিশু হত্যা করেছেন। এসব অপরাধের জন্য কিভাবে মুখ দেখাবেন?”

বিএনপি নেতাদের উদ্দেশে বলেন তিনি।

বিএনপির ‘দেশ অচল’র হুমকির সমালোচনা করে এরশাদ বলেন, “হুমকি দেন কেন? দেশে কি দুর্ভিক্ষ হয়েছে? মহামারি দেখা দিয়েছে? মানুষ কেন আপনাদের হরতাল-অবরোধে সমর্থন দেবে? আমরা এই হরতাল-অবরোধ মানি না।”

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আগেও বলেছি, এখনো বলেছি। সংঘাতে-সহিংসতার পথ ছেড়ে গণতন্ত্রের পথে আসুন, নির্বাচনে আসুন।

“নির্বাচনে আপনাদের আসতেই হবে। এর কোনো বিকল্প নেই। দুর্নীতিবাজ সরকারকে হঠাতেই নির্বাচনে আপনাদের অংশগ্রহণ করতে হবে।”