হাবিব রিমান্ডে
পুলিশের উপর হামলার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে একদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।
দুপুরে হাবিবকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল হক।
অন্যদিকে আসামির পক্ষে আদালতে জামিনের আবেদন করেন জয়নাল আবেদীন মেজবাহসহ বিএনপির কয়েক আইনজীবী।
শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে বিচারক হাবিবের একদিনের হেফাজত মঞ্জুর করেন।
রোববার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে হাবিবকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২ মার্চ বিএনপির বিক্ষোভ মিছিল থেকে শান্তিনগর ও মগবাজারসহ আশপাশের এলাকায় পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে চাওয়া হয়।
এর আগে গত ১৫ নভেম্বর এই মামলায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় আদালত।
