যুবলীগকে ফুলের শুভেচ্ছা যুবদলের
প্রতিষ্ঠাবার্ষিকীতে ঠাকুরগাঁও যুবলীগকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদল নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যায় যুবদল নেতারা ফুল নিয়ে আওয়ামী লীগ অফিসে যান। এ সময় যুবলীগ নেতাকর্মীরা তাদের মিষ্টিমুখ করান।
জেলা যুবদল সদস্য সচিব মাহাবুব হোসেন তুহিন এবং যুবদল নেতা আলিমুজ্জামান শান্তসহ আরো কয়েকজন নেতা জানান, রোববার তাদেরকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত দেন যুবলীগ নেতারা।
এই দাওয়াতে সাড়া দিয়ে তারা আওয়ামী লীগ অফিসে যান।
যুবলীগ সভাপতি অরুনাংশু দত্ত টিটো বলেন, “ঠাকুরগাঁও জেলায় আমরা সবাই সহনশীল রাজনীতিতে বিশ্বাসী। যুবদলের উদারতায় আমরা আনন্দিত।”
পরে সেখান থেকে বেরিয়ে যুবদল নেতারা হরতালের সমর্থনে মিছিল করতে করতে বের হয়ে যান। আর যুবলীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বের করে শোভাযাত্রা।
