ফের ৩ দিনের হরতাল
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দুই সপ্তাহে তিন দিন করে ছয় দিন হরতালের পর রবি থেকে মঙ্গলবার আবার ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
শুক্রবার বিকালে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, জনগণের ‘ভোটের অধিকার রক্ষার’ জন্যই এ কর্মসূচি।
“নির্দলীয় সরকারের দাবিতে ইতোমধ্যে আমরা দুই দফায় হরতাল করেছি। কিন্তু সরকার তাতে কোনো সাড়া দেয়নি। সেজন্য বাধ্য হয়ে আমরা আবার কঠোর কর্মসূচি দিয়েছি।”
ফখরুল জানান, রোববার ভোর ৬টা থেকে শুরু হয়ে বুধবার ভোর ৬টা পর্যন্ত এই হরতাল চলবে। সংবাদপত্র ও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার বিগ্রেডের গাড়ি এবং খাবার ও ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।
এর আগে গত ২৭ থেকে ২৯ অক্টোবর এবং ৪ থেকে ৬ নভেম্বর দুই দফায় ১২০ ঘণ্টা হরতাল করে বিরোধী দলীয় জোট, যাতে সারা দেশে ব্যাপক বোমাবাজি, ভাংচুর-অগ্নিসংযোগ চলে; সরকারি হিসাবে নিহত হন অন্তত ২০ জন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৩টা ৫০ মিনিটে মির্জা ফখরুলের সভাপতিত্বে জোটের মহাসচিবদের বৈঠক শুরু হয়। আধা ঘণ্টা পর সংবাদ ব্রিফিংয়ে হরতালের ঘোষণা আসে।
মির্জা ফখরুল বলেন, সরকার সমঝোতা চায় না বলে ‘তথাকথিত সর্বদলীয় সরকার গঠনের নামে’ একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা জনগণের গ্রহণযোগ্যতা পাবে না।
“সরকার মুখে সমঝোতার কথা বললেও সংলাপের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। আমরা তাদের বলব, এখনো সময় আছে- সমঝোতার পথে আসুন।”
শান্তিপূর্ণভাবে হরতাল করার ঘোষণা দিয়ে তিনি বলেন, “এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।”
ফখরুলের অভিযোগ, সরকার রাজনৈতিক দলের সভা-সমাবেশ-মানববন্ধন করার অধিকার কেড়ে নিয়েছে।
“তাই কঠোর কর্মসূচি দেয়া ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই।”
জোটের বৃহত্তম দল বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকের পর শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিবদের এই বৈঠক হয়।
দশম সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। তবে তা মানতে নারাজ আওয়ামী লীগের প্রস্তাব নির্বাচনকালীন সর্বদলীয় সরকার।
এই পরিস্থিতিতে কূটনীতিকসহ বিভিন্ন মহলের সংলাপের তাগিদের মধ্যে গত ২৬ অক্টোবর খালেদা জিয়াকে টেলিফোন করে আলোচনার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হরতালের মধ্যে সে আমন্ত্রণ গ্রহণ করতে অসম্মতি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, হরতাল শেষে আলোচনা করতে তিনি রাজি।
এরপর দুই পক্ষ নতুন করে আলোচনার উদ্যোগ নিতে পরস্পরকে বলে আসছে।
এর মধ্যে বিরোধী দল নতুন করে হরতালের ডাক দিলে সরকারের পক্ষ থেকে বলা হয়, সংলাপ চাইলে আর কখনো হরতাল না করার ঘোষণা দিতে হবে। অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে।
জোটসঙ্গী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “জামায়াতে ইসলামী নিষিদ্ধ হয়নি। এর নিবন্ধন বাতিল করেছে আদালত। এর বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করেছে তারা। এটি এখানে জবাব দেয়ার বিষয় নয়।”
জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য রেদোয়ান উল্লাহ শাহেদী, মহাসচিবদের মধ্যে এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, জাগপার খন্দকার লুৎফর রহমান, এনডিপির আলমগীর মজুমদার, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামিক পার্টির আবদুর রশীদ প্রধান, কল্যাণ পার্টির আবদুল মালেক চৌধুরী, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদি, ভারপ্রাপ্ত মহাসচিবদের মধ্যে জমিয়তে উলামা ইসলামের মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, ন্যাপ ভাসানীর হাসরাত খান ভাসানী, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, যুগ্ম মহাসচিদের মধ্যে ইসলামী ঐক্যজোটের মুফতি মুহাম্মদ তৈয়ব, ডিএল’র খোকন চন্দ্র দাশ ও বিজেপির সভাপতিমণ্ডলির সদস্য সালাহউদ্দিন মতিন বৈঠকে উপস্থিত ছিলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও শামীমুর রহমান শামীমও ছিলেন এ বৈঠকে।
