চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালীতে দুজন খুন
চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালীতে মঙ্গলবার রাতে দুই ব্যক্তি খুন হয়েছেন।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নোয়াখালীর সোনাইমুড়িতে গণপিটুনিতে নিহত হয়েছেন সন্দেহভাজন এক ডাকাত।
শিবগঞ্জে নিহত কফিল উদ্দিন (৪৫) পেশায় ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি উপজেলার হরিনগর গ্রামে।
শিবগঞ্জ থানার সহকারী পরিদর্শক এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রানীহাটি বাজার কমিটির কার্যালয়ে ডুকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে কফিলকে।
“রাত পৌনে ৮টার দিকে কফিলসহ কয়েকজন বাজার কমিটির অফিসে ছিলেন। হঠাৎ করেই কয়েকজন সন্ত্রাসী কমিটি অফিসের সামনে বেশকিছূ হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর অফিসে ঢুকে কফিলকে উপর্যুপরি কোপানো শুরু করে।”
হামলায় কফিল ঘটনাস্থলেই মারা যায় জানিয়ে পুলিশ কর্মকর্তা এনামুল বলেন, লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের মধ্যে মঙ্গলবার আওয়ামী লীগকর্মী কফিল খুন হলেন।
হরতালের দ্বিতীয় দিনে বোমা হামলায় শিবগঞ্জে তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এসআই এনামুল।
নোয়াখালীতে সোনাইমুড়িতে গহনার দোকানে ডাকাতির প্রস্তুতিকালে মঙ্গলবার রাতে গণপিটুনিতে একজন নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
রাত ৮টার দিকে থানার হাট বাজারে এই ঘটনা ঘটে বলে সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
পুলিশ জানিয়েছে, ডাকাতদের ছোড়া গুলিতে তিনজন গুলিবিদ্ধসহ মোট পাঁচজন আহত হয়েছে।
ওসি বলেন, জনতা ডাকাতদের ব্যবহৃত দুটি মোটর সাইকেল জ্বালিয়ে দেয়।
গুলিবিদ্ধ তিনজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- লিটন (৩৫), রায়হান (১৬) ও রফিক (১৫) ।
বাকি দুজনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
