২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একক নির্বাচনে আন্তর্জাতিক ‘মাস্টারপ্ল্যান’: ফখরুল

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে প্রতিবেশী দেশ ভারত ‘ষড়যন্ত্র’ করছে বলে ইঙ্গিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 06:51 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

দশম সংসদ নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার নিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে দ্বন্দ্বের প্রেক্ষাপটে সোমবার এক সংবাদ সম্মেলনে এই ইঙ্গিত দিয়ে মহাজোটকে হটাতে আন্দোলনের ঘোষণা দেন তিনি।      

দেশকে অচলাবস্থার দিকে ঠেলে দেয়ার জন্য সরকারকে দায়ী করে ফখরুল বলেন, “আন্তর্জাতিক মাস্টারপ্ল্যানে তারা একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে।”

‘মাস্টার প্ল্যান’ বলতে কী বোঝাচ্ছেন- জানতে চাইলে ফখরুল বলেন, “আজকে মানবজমিন পত্রিকায় খবর বেরিয়েছে, একটি দেশ নাকি বাংলাদেশের জাতীয় নির্বাচনে এক হাজার কোটি রুপি ব্যয় করবে। এটি একটি রাজনৈতিক দলের জন্য করবে।

“গত জাতীয় নির্বাচনেও ওই দেশটি ৮শ’ কোটি টাকা ব্যয় করেছিল বলে খবর বেরিয়েছিল। ইকোনমিস্টে এই খবর প্রকাশ পেয়েছিল। তাই আমরা এবারো ওই রকম আন্তর্জাতিক চক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করছি।”

নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্যে ভারতের নাম উল্লেখ না করলেও ভারতের মুদ্রা রুপির কথা বলেছেন বিএনপি নেতা ফখরুল। ইকনোমিস্টেও ভারতের কথা বলেছিল।

প্রতিবেশী দেশটির সংবাদ মাধ্যমে ভারতবিরোধী দল হিসেবে পরিচিত বিএনপিকে গত কয়েক বছর নয়া দিল্লির সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করতে দেখা গেছে।

গত বছর ভারত সফরে গিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সে দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করে প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের বিচ্ছিন্নতাবাদী কোনো গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না।

ভারত বাংলাদেশের ‘বিশেষ’ কোনো দলের সঙ্গে নয়, বরং জনগণের প্রতিনিধিত্বকারী সব দলের সঙ্গে সুসম্পর্ক চায় বলে তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়।

এরপর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ঢাকা সফরের সময় হরতালের মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ কর্মসূচি বাতিল করেছিলে খালেদা জিয়া। এই ঘটনায় নয়া দিল্লিকে অসন্তুষ্ট করে বলে ভারতের সংবাদ মাধ্যমের খবর।

বিএনপি আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চাইলেও সংবিধান সংশোধন করে অনির্বাচিতদের ক্ষমতায় আনতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিতে তাতে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “সর্বদলীয় কোনো সরকারে বিএনপি অংশগ্রহণ করবে না। সরকারের একতরফা নির্বাচনেও আমরা যাব না।”