২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মতি নেয়া যেত: ইনু

দুই নেত্রীর ফোনালাপ সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 07:19 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

তিনি বলেছেন, এই কথোপকথন জনগণের জানার অধিকার থাকলেও দুই নেত্রীর সম্মতি সাপেক্ষেই তা প্রকাশ করা উচিত ছিল।

বুধবার দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত ‘শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক গণসংলাপে মন্ত্রী এসব কথা বলেন।

মঙ্গলবার ঢাকায় বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ওই কথোপকথন সরকার গণমাধ্যমে সম্প্রচার করিয়েছে। এটি নীতি বহির্ভূত, শিষ্টাচার বিবর্জিত এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

এই বক্তব্যের জবাবে ইনু বলেন, “আমাদের কাছে এ টেপ নেই। কাজেই আমরা এটা প্রকাশ করতে পারব না।

“আমি বা আমার সরকার এটা প্রকাশ করিনি। বিচারের মুখোমুখি হতে রাজি আছি। আমি যদি জড়িত হই আমাকে আদালতে ডাকা হোক।”

ফোনালাপ জানার অধিকার জনগণের আছে দাবি করে ইনু বলেন, “এটা ব্যক্তিগত আলাপ নয়। রাজনীতি, রাষ্ট্র ও জনগণ নিয়ে এ আলাপ ছিল। তাই জনগণের জানার অধিকার আছে। তবে দুই নেত্রীর সম্মতি সাপেক্ষে তা প্রকাশ করা উচিত।

“আলাপের শুরুটা করে দিয়েই গণমাধ্যম কর্মীরা ওই ঘর থেকে বেরিয়ে যান। আলাপ প্রকাশে যদি কোনো আইন লঙ্ঘন হয় তা খতিয়ে দেখব।”

গণসংলাপ অনুষ্ঠানে যুদ্ধাপরাধের বিচার, বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সম্ভাবনা, হেফাজতে ইসলাম, নির্বাচন ও জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে বিরোধী নেত্রীর বক্তব্য উদ্ধৃত করে ইনু বলেন, চার বছর নয় মাস বেগম খালেদা জিয়া ও তার দোসররা মুখ বন্ধ করে ছিলেন।

“তিনি কি মনে করেন বিচার স্বচ্ছ হচ্ছে না? এতদিন তিনি কোনো প্রস্তাব দিলেন না কেন? বিরোধী দলীয় নেত্রী চিহ্নিত যুদ্ধাপরাধীদের চেনেন না? শুরুতে চিহ্নিত যুদ্ধাপরাধী গোলাম আযমের বিচার হবে না তো কি কোনো গ্রামের রাজাকারের বিচার হবে?”

বিরোধী দলীয় নেত্রীর কাছে যুদ্ধাপরাধীর কোনো তালিকা থাকলে তা পাঠানোর আহ্বান জানিয়ে ইনু বলেন, সব যুদ্ধাপরাধীর বিচার হবে। তালিকা পাঠান ব্যবস্থা নেয়া হবে। আমার মনে হয় তারা ক্ষমতায় আসলে যুদ্ধাপরাধের বিচার বন্ধ করে দেবে। 

বিরোধী দলীয় নেত্রীর দেয়া নির্দলীয় সরকারের প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয় দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ১০ জন উপদেষ্টাই তো নেই। যারা এ পরামর্শ দিয়েছেন তারা আপনাকে ঠকিয়েছেন।

হেফাজতের আমির আহমদ শফী ও হেফাজতের ১৩ দফা বিষয়ে এক প্রশ্নের জবাবে ইনু বলেন, “তাকে আমরা সম্মান করতাম। তিনি এমন বক্তব্য দিয়েছেন যে জনগণ তাকে তেঁতুল হুজুর বলে।”

“তেতুল হুজুর রাজনৈতিক হুজুর এবং বিএনপি-জামায়াতে লেজুড় হয়েছেন। উনি বিএনপি জামায়তকে ক্ষমতায় আনার জন্য কাজ করছেন।”

গণসংলাপ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক তাফসির আহমেদ, কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত এবং অধ্যক্ষ ফজলুল হক।