সংলাপে না এলে নির্বাচনের ‘ট্রেন ফেইল’: ইনু
সংলাপে যোগ না দিলে বিরোধী দলকে নির্বাচনে আনতে অপেক্ষা করা হবে না বলে ইঙ্গিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে বিরোধীদলীয় নেতাকে সংলাপে অংশ নেয়ার আহ্বান জানিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে শেখ হাসিনা সরকারের মেয়াদ শেষের আগে আগামী ২৪ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন হবে। এই সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, বহাল থাকবে সংসদও।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত বিরোধী দলকে সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়ে তাতে অংশ নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর প্রতিক্রিয়ায় নির্দলীয় সরকারের রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রীর টেলিফোন পাওয়ার পর তা নিয়ে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, “বেগম জিয়া, আপনি সংলাপের ট্রেন ফেল করলে, নির্বাচনের ট্রেন ফেল করবেন, গণতন্ত্রের ট্রেন ফেল করবেন।
“আপনি ভেবে দেখুন, সংলাপের ট্রেনে উঠবেন, না কি জামায়াতের-হেফাজতের-যুদ্ধাপরাধীদের ট্রেনে করে পাকিস্তানে যাবেন?”
সংলাপের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি বলছে, আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে একতরফা নির্বাচন চায়।
বিএনপি না এলে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে কি না- জানতে চাইলে জাসদ সভাপতি ইনু বলেন, “এটি একটি ভবিষ্যতের প্রশ্ন, তবে একতরফা নির্বাচন বলে কিছু নেই, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।
“বিএনপির চূড়ান্ত অবস্থান যখন দেশবাসী জানবে ,তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দলীয় ফোরাম, মহাজোটের শরিফ দল এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শের ভিত্তিতে উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়া হবে।”
শনিবার বিরোধীদলীয় নেতাকে টেলিফোন করে প্রধানমন্ত্রী গণভবনে আমন্ত্রণ জানালেও তিনি তা গ্রহণ না করে হরতালের পর আলোচনায় বসতে রাজি থাকার কথা জানান।
প্রধানমন্ত্রী আবার ফোন করবেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমরা তো দাওয়াত দিয়েছি, নতুন করে দাওয়াত দেয়ার কিছু নেই, দাওয়াত অব্যাহত আছে।”
“নির্দলীয় সরকার মানার শর্ত দেবেন না, বৈধ সরকারকে অবৈধ বলবেন না, সরকারি কর্মচারীদের উস্কানি দেবেন না। খোলা মনে সংলাপে আসুন,” বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন তিনি।
বিরোধী দলের হরতালে গণমাধ্যম প্রতিষ্ঠান ও কর্মীদের ওপর হামলার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণায়কে জানানো হয়েছে, প্রশাসন খতিয়ে দেখছে এবং সে অনুযায়ী ব্যবস্থা হবে।
