২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের ‘খেলায়’ সরকার: ফখরুল

সরকার সংলাপের আহ্বান জানালেও তাতে ‘আন্তরিকতা’ নেই বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 06:15 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

মানুষের মধ্যে আশা জাগিয়ে দুই নেত্রীর টেলিফোনে আলাপের পর তা অব্যাহত থাকা নিয়ে সংশয়ের মধ্যে মঙ্গলবার হরতাল শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকার ‘সংলাপ-সংলাপ’ খেলা খেলবেন, একটা সাজানো নাটক করবেন, এটাই তাদের উদ্দেশ্য।”

প্রধানমন্ত্রী টেলিফোন করার পর এখন পরবর্তী সংলাপের উদ্যোগ নিতে বিরোধীদলীয় নেতার প্রতি সরকারি দলের নেতাদের আহ্বানের প্রতিক্রিয়ায় একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

আগামী নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে গত শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টেলিফোন করে ৩৭ মিনিট কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী হরতাল তুলে নিয়ে সোমবার গণভবনে বিরোধী নেত্রীকে আমন্ত্রণ জানান। তবে হরতাল প্রত্যাহার সম্ভব নয় জানিয়ে তিন দিনের এই কর্মসূচির পর সংলাপের আমন্ত্রণ গ্রহণ করতে রাজি আছেন বলে জানান খালেদা।

দুই নেত্রীর ওই আলাপের পর তাদের মধ্যে সংলাপ অব্যাহত রাখতে রাজনৈতিক, ব্যবসায়ী, কূটনীতিক মহলের চাওয়ার মধ্যে নতুন করে আলোচনায় উদ্যোগ নেয়ার জন্য দুই দল পরস্পরকে আহ্বান জানাচ্ছে।

ফখরুল বলেন, “আমরা খুব স্পষ্ট করে বলেছি, সংলাপের দায়িত্ব সরকারের। সঙ্কট উত্তরণে তাদেরই উদ্যোগ নিতে হবে। অন্যথায় সমস্ত দায়ভার সরকারকেই বহন করতে হবে।”

সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “একদিকে সরকার আলোচনার প্রস্তাব দিচ্ছে। অন্যদিকে বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। সরকারকে বলব, এখনো সময় আছে- সরল পথে আসুন। গুলিবর্ষণ করে মানুষ হত্যা বন্ধ করুন।”

সংলাপে বিরোধী দল আন্তরিক দাবি করে ফখরুল সকালে সাংবাদিকদের বলেন, ২৯ অক্টোবরের পর আমন্ত্রণ পেলেই সরকারের সঙ্গে আলোচনায় যাবেন তারা।

নির্বাচনের কয়েক মাস আগে এই সংলাপে সরকারি দল সংবিধানকে ভিত্তি ধরার পক্ষপাতি হলেও বিরোধী দল নির্দলীয় সরকারের দাবিতে কোনো ছাড় না দিতে অনড়।

ফখরুল বলেন, “যদি বেঁধে দেয়া হয়- সর্বদলীয় সরকার নিয়ে আলোচনা হবে। শেখ হাসিনার নেতৃত্বে ওই সরকার হবে। তাহলে আলোচনা কিভাবে হবে? বিষয়বস্তু ওপেন রাখতে হবে।

“আমরা সঙ্কট নিরসনে সমঝোতা চাই। তবে নির্দলীয় সরকারের দাবি থেকে আমরা সরে আসব না।”

“আমরা সংলাপ চাই। শুধু নৈশভোজ কিংবা কথা বলার নয়, জাতিকে স্বস্তি দিতেই আমরা একটি অর্থবহ সংলাপ চাই।”

সোমবার রাতে বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, আবদুস সালামের বাসায় আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা বোমাহামলা ও গুলিবর্ষণ করেছে দাবি করে এর বিরুদ্ধে সরকারকে হুঁশিয়ার করেন ফখরুল।

“আমরা অনেক ছাড় দিয়েছি। এখন থেকে আমাদের নেতা-কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না।”

তিনি অভিযোগ করে বলেন, “শাসক দল পরিকল্পিতভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সর্বজনস্বীকৃত নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করার রহস্য আজ জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। তারা আজীবন ক্ষমতায় থাকতে এই কাজটি করেছে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, “দেশের মানুষ বুঝে গেছে- আওয়ামী লীগের অধীনে কখনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এটা প্রধানমন্ত্রীও জানেন।”

সর্বদলীয় সরকার নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে ফখরুল বলেন, “জাতীয় পার্টি ইতোমধ্যে বলে দিয়েছে, নির্দলীয় সরকার না হলে তারা যাবে না। অর্থাৎ তাদের সর্বদলীয় সরকার মানে ১৪ দলীয় সরকার।”

পুরনো খবর:

এখন উদ্যোগ নিতে হবে বিরোধী দলকে: নাসিম
খালেদার প্রত্যাখ্যানেও আশাবাদী হাসিনা
হাসিনার আমন্ত্রণ প্রত্যাখ্যান, বিএনপির হরতাল থাকছে