অচলাবস্থা দূর হলো না, উদ্বেগ বামদের
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টেলিফোন করে সংলাপের আমন্ত্রণ জানানোর পরও হরতাল কর্মসূচি প্রত্যাহার না করায় উদ্বেগ প্রকাশ করেছে বামদলগুলো।
তারা বলছে, বিরোধীদলীয় নেত্রীর অবস্থান পরিবর্তন না হওয়ায় যতটুকু অগ্রগতি হয়েছিল তা থেমে গেছে।
শনিবার সন্ধ্যায় দুই নেত্রীর মধ্যে আলাপের পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে রাজনৈতিক অচলাবস্থা চলছিলো সেটা দূর হলো না। আমরা মনে করি এই চেষ্টা অব্যাহত রাখতে হবে।”
রাজনৈতিক ‘অচলাবস্থা’ দূর করতে আওয়ামী লীগ এবং বিএনপিসহ সব দলের সঙ্গে সিপিবি-বাসদ আলোচনা করবে বলেও জানান সেলিম।
মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “খালেদা জিয়া নিজের অবস্থানে রয়ে গেলেন। তিনি আলোচনায় না গিয়ে সংঘাতের পথে যাচ্ছেন।”
“উনি বলেছিলেন আলোচনার উদ্যোগ নেয়া না হলে হরতাল; কিন্তু এখনতো আলোচনা শুরু হলো।”
মেনন বলেন, “তিনি (খালেদা) একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন। যেমনটা করেছিলেন মে মাসে হেফাজত ইসলামের মাধ্যম। যাতে একটা জনগণ একটা আতঙ্কের মধ্যে থাকে। এ কারণেই গণমাধ্যমের কার্যালয়সহ বিভিন্ন স্থানে পরিকল্পিত বোমা হামলা করা হচ্ছে।”
১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টা হরতালের আগে শনিবার বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির সামনে বোমা হামলা হয়। এছাড়া দৈনিক ভোরের কাগজ এবং দেশ টিভির সামনে থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ।
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের বাড়িতেও চালানো হয়েছে বোমা হামলা।
ক্ষমতাসীন মহাজোটের আরেক শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মইন উদ্দিন খান বাদল বলেন, “প্রধানমন্ত্রীর আন্তরিকতা, অ্যাপ্রোচ সবই দেশবাসী দেখেছে। তারা এটাও দেখেছে সংঘাত কে চায়। সিদ্ধান্ত তারাই নেবে।”
