২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট ঘনীভূত হল: শাহদীন মালিক

নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে বিরোধীদলীয় নেতার পাল্টা প্রস্তাবে সঙ্কট ‘ঘনীভূত’ হল বলে মন্তব্য করেছেন আইনজীবী শাহদীন মালিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 11:58 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

দুই দলের বিরোধপূর্ণ অবস্থানে শেখ হাসিনা গত শুক্রবার নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে তাতে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান।

এর প্রতিক্রিয়ায় সোমবার খালেদা জিয়া নির্দলীয় সরকারের প্রস্তাব দিয়ে তা নিয়ে আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের ২০ উপদেষ্টার মধ্যে থেকে ১০ জনকে বেছে নিতে বলেছেন। এর মধ্যে পাঁচজনের নাম দেবে বিএনপি এবং বাকি পাঁচজনের নাম দেবে আওয়ামী লীগ।

বিরোধীদলীয় নেতার প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (খালেদা জিয়া) দুই তত্ত্বাবধায়ক মিলে একটার কথা বলেছেন। এর ফলে সমঝোতার জায়গা কমে গেলো। দুই পক্ষের ফারাক আরো বাড়ল।

“স্পষ্টতই সঙ্কট ঘনীভূত হল। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা কমে গেছে।”

নিজের বক্তব্যের বাখ্যায় এই আইনজীবী বলেন, “বিরোধীদলীয় নেতা যে প্রস্তাব দিয়েছেন, তা মানতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আমাদের সংবিধানে নির্বাচনের সময় দলীয় সরকার বহাল থাকার বিধান আছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধানের মধ্যে থেকেই নির্বাচনের পক্ষপাতি, যাতে অনির্বাচিত কারো ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই।

খালেদার প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ““জিয়াউর রহমান অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছিলেন। তাই বিএনপি নেত্রীর অসাংবিধানিক সরকারপ্রীতি নতুন কিছু নয়।”

পুরনো খবর:

পাল্টা প্রস্তাব খালেদার, আলোচনার আহ্বান