পেশাজীবী সম্মেলনে খালেদা
পুলিশের নিষেধাজ্ঞার কারণে আলোচিত সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলনস্থলে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
পুলিশের নিষেধাজ্ঞা এবং পরে শর্তসাপেক্ষে অনুমতি নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন করছে বিএনপিপন্থী পেশাজীবীরা।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুপ্রিম কোর্টের আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলীসহ কয়েক হাজার পেশাজীবী অংশ নিচ্ছেন।
বিকাল ৪টার দিকে সম্মেলনস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। তখন হলভর্তি হাজার হাজার পেশাজীবী তুমুল করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।
সম্মেলনে রয়েছেন অধ্যাপক অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিনা বেগম, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, চাষী নজরুল ইসলাম, প্রকৌশলী এল কে সিদ্দিকী, ডা. গাজী আবদুল হক, অধ্যাপক পিয়াস করীম, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের সহসভাপতি খন্দকার মাহবুব হোসেনও রয়েছেন অনুষ্ঠানে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক নাজির আহমেদ পেশাজীবীদের এই সম্মেলনে যোগ দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিনের সভাপতিতে বেলা সাড়ে ৩টায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদ জাতীয় কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। অনুষ্ঠানটি পরিচালনা করছেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সঅধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
পুলিশ রোববার থেকে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করলে পূর্ব নির্ধারিত এই সম্মেলনে বুকিং সকালে বাতিল করেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ।
এরপর দুপুরে পুলিশ শর্তসাপেক্ষে সম্মেলনের অনুমতি দিলে সম্মেলনের প্রতিনিধিরা অনুষ্ঠানস্থলে আসতে থাকে। দুপুর আড়াইটার মধ্যে মিলনায়তন ভর্তি হয়ে যায়।
দুপুরে অনুমতির পাওয়ায় সম্মেলন কক্ষের মিলনায়তনে সাজানো যায়নি বলে আয়োজকরা জানান। ফলে অনুষ্ঠান মঞ্চের সাজসজ্জা হয়নি।
মিলনায়তনে চারপাশে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী, পুলিশি ‘নির্যাতনে’ নিহত অ্যাডভোকেট এম ইউ আহমেদ, সাংবাদিক দম্পতি সাগর-রুনি, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান, পুলিশি নির্যাতনের শিকার বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ছবি রয়েছে।
সম্মেলন স্থলের বাইরে খালেদা জিয়ার বড় প্রতিকৃতি টানানো রয়েছে। রয়েছে জিয়াউর রহমান ও তারেক রহমানের প্রতিকৃতিও।
মহানগর পুলিশ যে শর্তে সম্মেলনের অনুমতি দিয়েছে, তার মধ্যে রয়েছে- বাইরে মাইক ব্যবহার করা চলবে না, সম্মেলন শেষ করতে হবে সন্ধ্যার মধ্যে, আইনশৃঙ্খলা ভঙ্গ হয়- এমন কিছুও সেখানে ঘটানো যাবে না।
দুপুরে তেজগাঁও জোনের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার অনুষ্ঠানের অনুমতির কথা ঘোষণার পরপরই বেলা ১টার দিকে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের ফটকগুলো খুলে দেয়া হয়।
বিএনপির ২৫ অক্টোবরের জনসভা এবং একই দিনে ক্ষমতাসীন দলের মাঠে থাকার ঘোষণার প্রেক্ষাপটে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রোববার সকাল থেকে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ।
সকালেই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, সম্মিলিত পেশাজীবী পরিষদের বুকিং বাতিল করা হয়েছে।
