সম্মেলনের অনুমতি ‘প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘হস্তক্ষেপেই’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপিপন্থী সম্মিলিত পেশাজীবী পরিষদকে সম্মেলন করার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় সম্মিলিত পেশাজীবী পরিষদকেও প্রথমে কনভেনশন করার অনুমতি দেয়া হয়নি। তবে পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তাদের অনুমতি দেয়া হয়েছে।”
বিএনপির ২৫ অক্টোবরের জনসভা এবং একই দিনে ক্ষমতাসীন দলের মাঠে থাকার ঘোষণার প্রেক্ষাপটে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রোববার সকাল থেকে রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ।
এরপর মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার সকালে সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের কর্তৃপক্ষ পেশাজীবী পরিষদের বুকিং বাতিল করেছে।
রোববার বিকাল ৩টায় এই কনভেনশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে।
বিপ্লব কুমারের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা সকারেই সম্মেলন কেন্দ্রের বাইরে অবস্থান নেন। জল কামান ও প্রিজন ভ্যানও প্রস্তুত রাখা হয়।
এরপর বেলা ১২টার দিকে কনভেনশনের আয়োজকরা দাবি করেন, বুকিং বাতিল হওয়ার কোনো চিঠি তারা পাননি।
সম্মিলিত পেশাজীবী জাতীয় কনভেনশন আয়োজক কমিটির আহবায়ক রুহুল আমিন গাজী ঘোষণা দেন, যে কোনো মূল্যে তারা সম্মেলন করবেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও তাতে যোগ দেবেন।
এর ঘণ্টাখানেকের মাথায় বেলা ১টার দিকে বিপ্লব কুমার সরকার জানান, সম্মিলিত পেশাজীবী পরিষদকে ‘শর্তসাপেক্ষে’ সম্মেলন করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
এর পরপরই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের ফটকগুলো খুলে দেয়া হয়। পরিষদের নেতারাও সেখানে প্রবেশ করেন।
১. বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে কনভেনশনের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।
২. কনভেনশনের নিরাপত্তা ব্যবস্থার জন্য আইডি কার্ডসহ নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ দিতে হবে।
৩. সম্মেলন কেন্দ্রের বাইরে বা সড়কে মাইক ব্যবহার করা যাবে না।
৪. সম্মেলন কেন্দ্রের বাইরে বা সড়কে কোনো ধরনের ‘প্রজেকশন’ এর ব্যবস্থা করা যাবে না।
৫. সম্মেলন কেন্দ্রের ভেতরে অন্য স্থান ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন লাগবে।
৬. সম্মেলন কেন্দ্রের বাইরে, রাস্তায় বা ফুটপাতে লোক সমাগম চলবে না।
৭. সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমের ভেতরে বা বাহিরে কোনো ক্ষতি করা যাবে না।
৮. লোক সমাগম হতে পারবে কনভেনশন শুরুর দুই ঘণ্টা আগে থেকে।
৯. বিকাল ৫টার মধ্যে সম্মেলন শেষ করতে হবে।
১০. অনুমোদিত সময়ের আগে বা পরে সম্মেলন কেন্দ্র্রের আশপাশে বা রাস্তায় কোনোভাবেই যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এর ব্যত্যয় হলে ভবিষ্যতে আর কোনো অনুষ্ঠানের অনুমতি পুলিশ দেবে না।
১১. কনভেনশন চলাকালে আইন-শৃঙ্খলা, জনস্বার্থ বা রাষ্ট্র ও জননিরাপত্তাবিরোধী কোনো কর্মকাণ্ড চালানো যাবে না।
১২. ব্যানার, ফেস্টুন বহনের নামে কোনো ধরনের লাঠি বা রড ব্যবহার করা যাবে না।
মহানগর পুলিশ বলেছে, এসব শর্তের কোনোটি লঙ্ঘন করা হলে তাৎক্ষণিকভাবে অনুমতি বাতিল হয়ে যাবে। এছাড়া কর্তৃপক্ষ জনস্বার্থে কোনো কারণ দর্শানো ছাড়াই এই অনুমতি বাতিল করার ক্ষমতা রাখে।
