প্রধানমন্ত্রীর প্রস্তাব অস্পষ্ট: বি চৌধুরী
প্রধানমন্ত্রীর দেয়া সর্বদলীয় সরকারের প্রস্তাব ‘অস্পষ্ট ও ধোঁয়াশাচ্ছন্ন’ বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি বিকল্প ধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের রূপরেখা অস্পষ্ট এবং ধোঁয়াশাচ্ছন্ন। মনে হয় দেশের মানুষকে এক ধরনের অস্পষ্টতার মধ্যে ফেলে রাখাই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য।”
“আমরা মনে করি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই বর্তমান সংকট নিরসনের একমাত্র পথ। নিরপেক্ষ নির্বাচন করতে হলে বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে তা অসম্ভব এবং অবাস্তব।”
জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সময়ের জন্য সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেন।
বি চৌধুরী বলেন, “যার কারণে অন্তর্বর্তীকালীন, সেই সরকারের প্রধান কে হবেন, মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত হবে এবং ওই মন্ত্রিসভায় বিরোধী দলের জন্য কতভাগ সংরক্ষিত ইত্যাদির কোনো কিছুরই উল্লেখ নেই।
“বিরোধী দলীয় মন্ত্রীদের দপ্তর বণ্টন কীভাবে হবে, সংসদ বিলুপ্ত কখন হবে এবং ওই তথা কথিত অন্তর্বর্তীকালীন সরকারের শাসনভার কখন থেকে কার্যকর হবে, তাও প্রধানমন্ত্রী ভাষণে উল্লেখ করেননি।”
