যুক্তরাষ্ট্র আ. লীগ সভাপতির বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে তাকে বহিষ্কারের দাবি তুলেছে দলেরই একদল নেতা-কর্মী।
রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেন্টারে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের এক সমাবেশে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগও তোলা হয়।
তবে সিদ্দিকুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন,আওয়ামী পরিবারে ফাটল ধরাতে বিএনপি-জামায়াত জোটের অপচেষ্টার অংশ হিসেবে তার বিরুদ্ধে কথা তোলা হচ্ছে।
সংবাদ সম্মেলনে সিদ্দিকুরের বিরুদ্ধে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্কে হিল্টন হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবেশ পথের হদিস বিএনপি-জামায়াত নেতাদের কাছে ফাঁস করার অভিযোগ নিউ ইয়র্ক নগর আওয়ামী লীগের নেতারা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মাসুদুল হাসান বলেন, “হিল্টন হোটেলের কোন পথে প্রধানমন্ত্রী প্রবেশ করবেন তা জানতো কেবল ডিজি-এসএসএফ ও সিদ্দিকুর রহমান।
“তাহলে বিএনপি-জামায়াত-হেফাজতিরা জানল কীভাবে? যিনি এভাবে নেত্রীর নিরাপত্তা হুমকির মুখে যিনি ঠেলে দিতে পারেন, তেমন ব্যক্তির কোনোই প্রয়োজন নেই আওয়ামী লীগে। তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।”
গত ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণের সময় বাইরে জড়ো হয়েছিলেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তবে সিদ্দিকুরের ‘নির্দেশে’ বেলা আড়াইটার সময় তারা কর্মসূচি শেষ করেন।
এরপর বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়ে বিকাল ৫টচা পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেয়।
সিদ্দিকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী কোন দরজা দিয়ে হোটেলে ঢুকবেন, তা তো টপ সিক্রেট। তা আমার জানা আছে, তা মাসুদুল হাসান জানলেন কী করে?”
সমাবেশ আগে শেষ করার বিষয়ে তিনি বলেন, “রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন আমাকে জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রীর ভাষণ হবে বিকাল ৩টার মধ্যে। তার ভাষণ শেষ হয়েছে মনে করেই আমরা কর্মসূচি সমাপ্ত করেছি।
এছাড়া অভ্যন্তরীণ কোন্দলের কারণে সৃষ্ট উত্তেজনা এড়াতে সমাবেশ দীর্ঘ করতে চাননি বলে জানান সভাপতি।
মাসুদুল হাসানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, “জামায়াত-শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন তিনিই। সে ধরনের সুনির্দিষ্ট অভিযোগেই সম্প্রতি তাকে বহিষ্কার করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে মোমেনকে প্রধানমন্ত্রীর কাছ থেকে দূরে সরানোর চেষ্টায় রয়েছেন সিদ্দিকুর। এজন্য বিএনপি-জামায়াত সমর্থিত মিডিয়ায় ‘অপপ্রচারে’ ইন্ধন দিচ্ছেন তিনি।
নিউ ইয়র্ক আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আমরা তার অসাংগঠনিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তখন মুখ খুলিনি।”
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন বলেনে, “চরম স্বৈরাচারী আচরণ করছেন সভাপতি সিদ্দিকুর রহমান। পদ-পদবি বিক্রি করা হচ্ছে নগদ অর্থের বিনিময়ে। প্রধানমন্ত্রীকে সংবর্ধনার নামে তিনি যে তামাশা করেছেন, তা আর কারো অজানা নেই।”
সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও মহাজোটের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
উপদেষ্টা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রহিম প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে দুই ধরনের ব্যাজ করা নিয়ে প্রশ্ন তোলেন।
জনসংযোগ সম্পাদক কাজী কয়েস বলেন, “পরীক্ষিত নেতা-কর্মীরা আজ উপেক্ষিত। চামচা আর ধ্বজাধারীরা সব সুযোগ পাচ্ছে। বিএনপি-জামায়াতের পারপাস সার্ভ করা হচ্ছে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে। এভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড চলতে পারে না।”
নির্বাহী সদস্য শরিফ কামরুল হীরা বলেন, “২৭ বছরের বেশি সময় ধরে প্রবাসে দলের সঙ্গে কাজ করছি। আমরা সব কর্মসূচিতে অংশ নিই সপরিবারে। অথচ সিদ্দিকুর রহমান আমার মতো কর্মীকেও মূল্যায়ন করতে চান না। প্রধানমন্ত্রীর সংবর্ধনায় আমাকে একটি আইডি কার্ডও দেয়া হয়নি।”
নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার ক্ষোভের সঙ্গে বলেন, “প্রধানমন্ত্রীকে সংবর্ধনার অর্থ কোত্থেকে কীভাবে এসেছে সেটি আমরা জানি। এরপরও কেন চাঁদাবাজি করা হয়েছে? এ অর্থের হিসাব দিতেই হবে।
“দলের নাম ভাঙ্গিয়ে একদিকে ব্যবসা, অন্যদিকে চাঁদাবাজি করা চলবে না। আমাদের অনেক শাখা ও সহযোগী সংগঠন রয়েছে, তাদের অর্থেই সংগঠন অনেক ভালভাবে চলবে।”
ব্রুকলিন আওয়ামী লীগের সহসভাপতি জামালউদ্দিন, চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকন আগামী নির্বাচনের আগে দলকে ‘আবর্জনামুক্ত’ করার দাবি জানান।
নিউ ইয়র্ক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিনহাজ শরিফ রাসেলের সঞ্চালনায় ওই সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আজিজুর রহমান সাবু, নূরুল আবসার সেন্টু, আমিনুল ইসলাম কলিন্স, নিউ ইয়র্ক যুব নাগরিক কমিটির সভাপতি মো. আলাউদ্দিন, যুবলীগের সভাপতি জামাল হুসেন, ওলামা লীগের সভাপতি সাইফুল আলম সিদ্দিকী, আলী হুসেন গজনবী, হাজী নিজামউদ্দিন, হাজী মফিজুর রহমান, মনির হোসেন, রশীদ বখত নজরুল প্রমুখ।
সমাবেশ চলাকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির তালিকা বিতরণ করা হয়, যা শেখ হাসিনা ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর অনুমোদন দিয়েছিলেন।
এই কমিটির বাইরে যত নাম বর্তমান কমিটিতে রয়েছে, সেগুলোকে ‘ভুয়া’ বলে অভিহিত করেন সমাবেশকারীরা।
