প্রধানমন্ত্রী ভাষণ দিলে বিভ্রান্তি কাটবে: সুরঞ্জিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে ২৪ অক্টোবরের পর সংসদ অধিবেশন বসা নিয়ে ‘বিরোধী দলের বক্তব্যে সৃষ্ট বিভ্রান্তি’ দূর হবে বলে মনে করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিন। সমস্ত বিষয় পরিষ্কার করা প্রয়োজন। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে বিভ্রান্তি কেটে যাবে।”
“প্রধানমন্ত্রী বক্তব্য দিলে বিএনপির অপপ্রচার, রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বিরক্তিকর বক্তব্য সম্পর্কে মানুষের ধারণা পরিষ্কার হবে।”
তবে সমঝোতার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিরোধী দলকে আলোচনার আরেকটি সুযোগ দেয়া উচিত বলেও মনে করেন ক্ষমতাসীন দলের এই নেতা।
তিনি বলেন, “বিরোধী দলকে আরেকবার আলোচনার সুযোগ দেয়া উচিৎ। যাতে আলোচনার করে, সমঝোতার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়।”
আগের দিন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জানান, আগামী ২৪ অক্টোবরের পর নবম সংসদের চলতি অধিবেশন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই।
সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা সৃষ্টি না করতেও বিরোধী দলকে হুঁশিয়ার করেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত বিএনপি নেতারা ২৪ অক্টোবরের পর দেশ অচল করে দেয়ার হুমকি দিয়ে আসছেন। অন্যদিকে সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্যরা সংসদ অধিবেশন চালিয়ে যাওয়ার দাবি তুলেছেন।
সংসদ চলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে সুরঞ্জিত বলেন, “গতকাল দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তাতে বিষয়টি অনেকটা স্পষ্ট হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে তা আরো পরিষ্কার হবে।”
সংবিধান অনুযায় আগামী ২৪ অক্টোবর থেকে ২৫ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এ সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে।
কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিরোধিতা করে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলো।
অন্যদিকে সংবিধান অনুযায়ী নির্বাচিত সংসদ রেখেই নির্বাচন অনুষ্ঠানে অনড় রয়েছে সরকার।
আগামী ২৫ জানুয়ারির আগে সংসদ ভাঙতে হলে দুই দলকে একমত হতে হবে বলে মনে করেন সুরঞ্জিত।
তিনি বলেন, “সংসদ যদি ভাঙতে হয় তাহলে দুই দলকে একমত হতে হবে। না হলে ভাঙার পর নির্বাচন; আর বাতিল করলে আরো তিনমাস পরে নির্বাচন।”
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন দমাতে সরকার ‘টর্চার স্কোয়াড’ গঠন করছে বলে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগের জবাবে এই আওয়ামী লীগ নেতা বলেন, “এটা ভিত্তিহীন, দুরভিসন্ধিমূলক বক্তব্য। আপনার কাছে কোনো কাগজ আছে? কিসের ভিত্তিতে এ কথা বললেন?”
রিজভীকে নিজের ‘স্নেহাস্পদ’ উল্লেখ করে তার উদ্দেশ্যে সুঞ্জিত বলেন, “দেশের পরিবেশ নষ্ট করবেন না।”
বিরোধী দলকে আলোচনার বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসেন, আপানারও বসেন। কথা থাকলে সংবিধানের কাঠামোর মধ্যে থেকে আলোচনা করে নির্বাচন করি। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। ধইরা নিয়া আপনাদের কেউ সিংহাসনে বসাতে পারবে না।”
সরকারের সাফল্যে আওয়ামী লীগের জন সমর্থন বেড়েছে দাবি করে দপ্তরবিহীন এই মন্ত্রী বলেন, “প্রথমআলোওতো বলেছে- সাড়ে সাত পার্সেন্ট বেড়েছে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে তিন সাতে একুশ হবে।”
বিরোধী দলীয় নেতার নির্বাচন প্রতিহত করার ঘোষণার জবাবে তিনি বলেন, “নির্বাচন বন্ধ করলেতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবেন, রাষ্ট্রপতি আবদুল হামিদই থাকবেন, এই মন্ত্রিসভাই থাকবে। যদি গুণ্ডা, মণ্ডা, হোন্ডার নির্বাচন কিংবা ভোটবিহীন নির্বাচন হয়, তাহলে আপনি প্রতিবাদ করতে পারেন।”
বিএনপি সংবিধানের বিধান নিয়ে ভাবে না বলেও মন্তব্য করেন সর্বশেষ সংবিধান প্রণয়ন কমিটির এই কো চেয়ার।
তিনি বলেন, “তারা জনগণের শাসন মেনে নিতে পারে না। এখনো সামরিক অর্ডার, নোটিফিকেশন এইগুলা নিয়ে ভাবে।”
