ধ্বংসের জন্যই গ্রামীণ ব্যাংক আইন: বিএনপি
কেন্দ্রীয় বাংকের কাছে আর্থিক হিসাব দেয়ার বাধ্যবাধকতা রেখে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশকে আইনে পরিণত করার সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী দল বিএনপি।
শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী বলেন, বিশ্বে সুনাম অর্জনকারী এ প্রতিষ্ঠানকে ধ্বংস করা জন্যই সরকারের এ সিদ্ধান্ত।
“বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস প্রতিহিংসার শিকার হয়ে আসছেন। দারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এ প্রতিষ্ঠানকে ধ্বংস করার চক্রান্তের অংশ হিসাবেই গ্রামীণ ব্যাংক-২০১৩ আইন প্রণয়নের এই উদ্যোগ বলে আমরা মনে করি।”
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে গ্রামীণ ব্যাংক আইন-২০১৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়, যাতে গ্রামীণ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জবাবদিহির বাধ্যবাধকতা রাখা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ১৯৮৩ সালের অধ্যাদেশকে আইনে পরিণত করার জন্যই এ অনুমোদন। এর আগে আনা সংশোধনগুলোও এ আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রিসভার এ সিদ্ধান্তের ‘নিন্দা ও প্রতিবাদ’ জানিয়ে সরকারকে সরে আসার আহবান জানান রিজভী।
ফাইল ছবি
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, “আমরা মনে করি, এর মাধ্যমে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানটিকে সরকার মুছে ফেলতে চায়। তাদের এহেন সিদ্ধান্ত নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের শামিল।”
অন্যদের মধ্যে বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহনি, সাবেক সাংসদ হেলেন জেরিন খান, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবুল হোসেন সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই এ প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন মুহাম্মদ ইউনূস। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে ২০১১ সালের মার্চে তাকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ইউনূস আদালতে গেলেও ওই পদে ফিরতে পারেননি।
২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে। এরপর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় একটি কমিশন গঠন করে সরকার।
সম্প্রতি কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়, যাতে ব্যাংকের বর্তমান কাঠামো বদলে বিকেন্দ্রীকরণের সুপারিশ করা হয় বলে গণমাধমে খবর প্রকাশিত হয়। সে সময়ও গ্রামীণ ব্যাংক ও ইউনূসের পাশে থাকার ঘোষণা দেয় বিএনপি।
মুহাম্মদ ইউনূসও সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে কথা বলেন, যে দাবিতে বিএনপি ও শরিকরা আন্দোলন চালিয়ে আসছে।
