কেন্দ্রীয় ব্যাংকে হিসাব দিতে হবে গ্রামীণ ব্যাংককে
কেন্দ্রীয় বাংকের কাছে আর্থিক হিসাব দেয়ার বাধ্যবাধকতা রেখে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা এ সংস্থার অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়িয়ে আইনভঙ্গের জন্য শাস্তির মেয়াদ বৃদ্ধির কথাও বলা হয়েছে এ প্রস্তাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে গ্রামীণ ব্যাংক আইন-২০১৩ এর খসড়ার ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বিস্তারিত জানান।
তিনি বলেন, ১৯৮৩ সালের অধ্যাদেশকে আইনে পরিণত করার জন্যই এ অনুমোদন। এর আগে আনা সংশোধনগুলোও এ আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে গত সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সামরিক শাসনামলে নেওয়া বিভিন্ন অধ্যাদেশ পরিবর্তন ও বাতিল করার কাজ শুরু করে। এরই আওতায় ১৯৮৩ সালের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ পরিবর্তন করা হচ্ছে।
সংসদের চলতি অধিবেশনেই এ আইন পাস করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন করার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। গ্রামীণ ব্যাংকের মালিকানায় সরকারের অংশীদারিত্ব ২৫ শতাংশই রাখা হয়েছে। ৭৫ শতাংশ থাকছে গ্রামীণ ব্যাংকের শেয়ারহোল্ডারদের কাছে।
১৯৮৩ সালে সামরিক অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকেই নোবেলজয়ী এ প্রতিষ্ঠানটি যে কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছিল, তাও আগের মতোই থাকবে বলে সচিব জানান।
“বিদ্যমানে আইনে ট্যাক্স ছাড়াও অন্যান্য ইনকামের কথা বলা আছে, এখানে শুধু আয়কর অব্যাহতির কথা বলা হয়েছে, অন্যান্য আইনের সাথে সঙ্গতি রেখেই তা করা হয়েছে।”
তবে ব্যাংকের অনুমোদিত মূলধন ৩৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করার কথা বলা হয়েছে আইনের খসড়ায়।
“এ আইন পাস হলে গ্রামীণ ব্যাংকের পরিচালকদের মেয়াদ হবে তিন বছর। আগে গ্রামীণ ব্যাংক কেবল সরকারকে আর্থিক প্রতিবেদন দিত। এখন সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককেও আর্থিক প্রতিবেদন দিতে হবে।”
এছাড়া এ আইন ভাঙলে শাস্তির পরিমাণও বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
গ্রামীণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য কেউ মিথ্যা তথ্য দিলে আগে ১ বছর কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানার বিধান ছিল। প্রস্তাবিত খসড়ায় তা ১ বছর ও ১০ হাজার টাকা করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের অনুমোদন ছাড়া এ সংস্থার নাম কেউ বিজ্ঞাপনে বা অন্য কোনোভাবে ব্যবহার করলে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার বিধান ছিল অধ্যাদেশে। আইন হলে এই সাজা হবে ১ বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা।
এ আইন পাস হলে গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব বাংলাদেশে বাংকের হাতে চলে যাবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “খসড়ায় একাধিক জায়গায় বাংলাদেশ ব্যাংকের কথা বলা হয়েছে। তাদের বেশ কিছু দয়িত্বও দেয়া হয়েছে। তবে এটা নিয়ন্ত্রণ নয়।”
গ্রামীণ ব্যাংক কোন আইনের আওতায় আসবে- এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “গ্রামীণ ব্যাংক আলাদা আইনে প্রতিষ্ঠিত, এ আইনের আওতায় নিয়ন্ত্রণের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকে দেয়া হলে তা আইনবিরোধী হবে না।
“এ আইনে কেন্দ্রীয় ব্যাংককে গ্রামীণ ব্যাংক সম্পর্কে কিছু সুনির্দিষ্ট দায়িত্ব দেয়া হয়েছে, তবে গ্রামীণ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের আওতায় যাচ্ছে না।”
“সারাবিশ্বে ব্যাংকিং খাতে শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা থাকে, এ ক্ষমতা হচ্ছে একটি ‘হেলদি সাইড’।”
সচিব বলেন, ক্ষুদ্রঋণ দেয়ার পর গ্রামীণ ব্যাংকের সেই অর্থ আদায়ের ক্ষমতা আগের মতোই থাকবে। তবে কেউ যাতে হয়রানির শিকার না হন- তা নজরে রাখা হবে।
কীভাবে এই নজরদারি করা হবে, ভেটিংয়ের সময় তা ঠিক করা হবে বলে জানান সচিব।
গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই এ প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন মুহাম্মদ ইউনূস। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে ২০১১ সালের মার্চে তাকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ইউনূস আদালতে গেলেও ওই পদে ফিরতে পারেননি।
২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে। এরপর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় একটি কমিশন গঠন করে সরকার। সম্প্রতি কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়, যাতে ব্যাংকের বর্তমান কাঠামো বদলে বিকেন্দ্রীকরণের সুপারিশ করা হয় বলে গণমাধমে খবর প্রকাশিত হয়।
